ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় কর্মসূচি (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশনের শীর্ষ কর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে কী আলোচনা হয়েছিল, তার প্রমাণ হিসেবে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের অডিও রেকর্ডিং প্রকাশ্যে আনার কথা গুরুত্ব দিয়ে বিবেচনা করছে তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহেই এই অডিও রেকর্ডিংগুলি সর্বসমক্ষে প্রকাশ করা হতে পারে। 

এসআইআর নিয়ে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনারের ভূমিকা ঠিক কেমন ছিল এবং নির্বাচনী প্রক্রিয়ার যাবতীয় প্রযুক্তিগত ও পদ্ধতিগত বিষয়ে তাঁর দৃষ্টিভঙ্গি ঠিক কী, তা মানুষের সামনে তুলে ধরাই তৃণমূলের মূল লক্ষ্য। তৃণমূল নেতৃত্বের দাবি, নির্বাচন সদনে কমিশনের সঙ্গে হওয়া তিনটি পৃথক বৈঠকের পূর্ণাঙ্গ রেকর্ডিং তাঁদের হাতে রয়েছে। শুধু তা-ই নয়, তৃণমূলের তরফে আরও ইঙ্গিত দেওয়া হয়েছে যে ওই বৈঠকগুলিতে অন্য দুই নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সান্ধু এবং বিবেক জোশী পুরো প্রক্রিয়ায় কার্যত নীরব দর্শকের ভূমিকাই পালন করেছিলেন এবং আলোচনার খুব সামান্য অংশেই কথা বলেছিলেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই অডিও ক্লিপগুলি প্রকাশ্যে এলে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে বিরোধীদের তোলা অভিযোগ নতুন মাত্রা পেতে পারে।