জম্মু-কাশ্মীরের রামবান জেলায় গাড়ির ভিতর থেকে উদ্ধার হল দুই পুলিশকর্মীর দেহ। মঙ্গলবার সন্ধ্যায় বাতোটের সানা এলাকার জিয়ারত মোড়ে একটি গাড়ির ভিতর তাঁদের অচৈতন্য অবস্থায় দেখতে পান স্থানীয়রা। ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্রের খবর, মৃতদের হেড কনস্টেবল ফরিদ আহমেদ এবং সিলেকশন গ্রেড কনস্টেবল মহম্মদ ইয়াকুব বলে শনাক্ত করা গিয়েছে। দু’জনেই রামবান জেলা পুলিশ লাইনে কর্মরত ছিলেন।
এই দৃশ্য দেখে, স্থানীয় বাসিন্দারাই তাঁদের উদ্ধার করে রামবান জেলা হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকেরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে, রামবনের এসএসপি অরুণ গুপ্তসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত হাসপাতালে ছুটে যান। তাঁদের মৃত্যুর প্রকৃত কারণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখার জন্য কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানা গিয়েছে। ঠিক কী কারণে তাঁদের মৃত্যু হয়েছে, তা যদিও এখনও স্পষ্ট নয়। মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। দুজনের মধ্যে ব্যক্তিগত কোন সমস্যা ছিল কিনা সেই দিকে নজর রাখা হচ্ছে। তাছাড়া, ঘটনার সঙ্গে অন্য কোনও বিষয় জড়িত কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
















