হিমাচল প্রদেশে (Himachal Pradesh) ভয়াবহ দুর্ঘটনা। লাহৌল-স্পিতি জেলায় (Lahaul-Spiti district) পাহাড় ধসে প্রাণ হারালেন ১৩ জন যাত্রী। শুক্রবার উদয়পুর-পাঙ্গি সড়কের (Udaipur-Pangi Road) কাদু নালার কাছে চলন্ত একটি টাটা সুমোর উপর আচমকাই পাহাড়ের বিশাল অংশ ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যায় গাড়িটি। আহত অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও এক যাত্রীর খোঁজে উদ্ধার অভিযান চলছে।
টাটা সুমোতে মোট ১৫ জন যাত্রী ছিলেন। আগের দিন প্রবল ভূমিধসের জেরে উদয়পুর-কিলার সড়ক বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা টিন্ডিতে আটকে পড়েছিলেন। শুক্রবার রাস্তা খুলতেই পাঙ্গি উপত্যকার উদ্দেশে রওনা দেন। কিন্তু কাদু নালার কাছে পৌঁছতেই আচমকা পাহাড়ের বড় অংশ ভেঙে নেমে আসে। বিশাল পাথর ও মাটি সরাসরি আছড়ে পড়ায় গাড়িটি সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পোঁছায় টিন্ডি থানার পুলিশ (Tindi Police Station personnel), জেলা প্রশাসনের আধিকারিক এবং উদ্ধারকারী দল। সবাই একসঙ্গে দ্রুত উদ্ধারকাজ শুরু করে। ধ্বংসস্তূপ সরাতে ভারী যন্ত্র নামানো হয়েছে। উদ্ধার হওয়া আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। প্রশাসনের দাবি, নিখোঁজ যাত্রীর সন্ধান না মিললেও উদ্ধার অভিযান জারি রয়েছে। একই সঙ্গে উদ্ধারকাজে গতি আনতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
মৃতদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে বলে জানিয়েছে প্রশাসন। প্রাথমিক তথ্য অনুযায়ী, গাড়িতে থাকা অধিকাংশ যাত্রীই পাঙ্গি উপত্যকার বাসিন্দা। উদ্ধার অভিযান শেষ হলে হতাহতদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে প্রশসনের তরফ থেকে।
















