বাবার সঙ্গে মাঠে খেলতে গিয়েছিল হরিয়ানার আম্বালা জেলার (Ambala District, Haryana) ধানেরা গ্রামের চার বছরের শিশু নিরভৈর সিং। আর বাড়ি ফেরা হল না। খোলা কুয়োয় লুকিয়ে থাকা মরণ ফাঁদ শেষ করে দিল ফুটফুটে একটা জীবন। মঙ্গলবার সকালে আচমকা খেলতে খেলতে ২২০ ফুট গভীর বোরওয়েলের (Deep Open Borewell) কাছে চলে যায় শিশু। অসাবধানতাবশত ভেতরে উঁকি দিতেই ভেজা মাটি ধসে পড়ে যায় নিরভৈর। হঠাৎ বিকট শব্দ শুনে পরিবারের সদস্যরা ছুটে এসে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করেন। প্রায় এক ঘণ্টা পর খবর দেওয়া হয় প্রশাসনকে। ২১ ঘণ্টা ধরে উদ্ধার কাজ চলার পর বুধবার ভোররাতে শিশুটিকে উদ্ধার করা হয়। কিন্তু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, নিরভৈর আর বেঁচে নেই। কান্নায় ভেঙে পড়েছে পরিবার। 

পঞ্জাব, হরিয়ানা বা রাজস্থানের মতো এলাকায় খোলা বোরওয়েলে বারবার দুর্ঘটনা ঘটেছে। প্রশ্ন হচ্ছে প্রশাসন কী করছে? দায়িত্বজ্ঞানহীনতা আর রক্ষণাবেক্ষণের অভাবেই বারবার প্রাণের বলি! জানা গিয়েছে, নিরভৈরকে উদ্ধার করতে এনডিআরএফ, এসডিআরএফ এবং সেনাবাহিনী একযোগে কাজ করলেও শেষ রক্ষা হয়নি।এদিন ভোর প্রায় ৩টে ৪০ মিনিটে শিশুকে বোরওয়েল থেকে বাইরে আনা হয়। দ্রুত অ্যাম্বুল্যান্সে করে আম্বালা ক্যান্টনমেন্টের সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল বটে কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছে।