দিল্লিতে (Delhi) রবিবার কয়েক ঘণ্টার ব্যবধানে দু’টি অগ্নিকাণ্ডের ঘটনা। একদিকে স্বরূপ নগরে (Swarupnagar) কারখানা-গুদামে আগুন লাগার ঘটনায় আতঙ্কে পাশের বাড়ি থেকে ঝাঁপ দিয়ে আহত হয়েছেন ছ’জন। যদিও আগুন লাগা কারখানার ভিতরে থাকা কোনও ব্যক্তি আহত হননি। অন্যদিকে পূর্ব দিল্লির ডাল্লুপুরাতেও (Dallupura, Delhi) একটি গুদামে আগুন লাগে। দ্বিতীয় ঘটনায় অবশ্য হতাহতের কোনও খবর নেই।
স্বরূপ নগরের ঘটনায় জুডোর পোশাক ও বক্সিংয়ের গ্লাভস (Boxing Gloves) তৈরির কারখানা সংলগ্ন গুদাম থেকেই আগুনের সূত্রপাত। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় আশপাশের বাড়িগুলিতে আতঙ্ক তৈরি হয়। সেই আতঙ্কেই পাশের একটি বাড়ি থেকে কয়েক জন নিচে ঝাঁপ দেন। তাঁদের মধ্যে পাঁচ জনকে বাবু জগজীবন রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আরও এক জনের ডান পায়ে চোট লাগায় তাঁকে বুরারি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহত সকলের অবস্থাই স্থিতিশীল।
দমকল সূত্রে খবর, গুদামে জমিয়ে রাখা রেক্সিনের বর্জ্য ও তুলোর ওয়েবিংয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। চারতলা কাঠামোটিতে বেসমেন্ট, নিচতলা, প্রথম তলা এবং উপরে টিনের ছাউনি দেওয়া অংশ ছিল। প্রায় ২০০ বর্গগজ জায়গাজুড়ে থাকা ওই ভবনে আগুন নেভাতে একাধিক দমকলের ইঞ্জিন পৌঁছয়। দুপুর ১টা ৫০ মিনিট নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এর কয়েক ঘণ্টার মধ্যেই পূর্ব দিল্লির ডাল্লুপুরায় ধরমশিলা হাসপাতালের (Dharamshila Hospital) কাছে একটি গুদামে আগুন লাগার খবর আসে। বিকেল সাড়ে ৩টে নাগাদ আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১১টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘক্ষণ চেষ্টা চালায় দমকলকর্মীরা। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কারও আহত হওয়ার খবর মেলেনি। দুই অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
















