রক্তাক্ত জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) কুলগামে সন্ত্রাসবাদী হামলায় মৃত বেড়ে ২। নিহত দুজনই ছত্তীশগড়ের বাসিন্দা এবং পেশায় ইটভাটার শ্রমিক ছিলেন। শুক্রবারই দীপক (Deepak) নামের এক শ্রমিকের মৃত্যুর খবর মিলেছিল, ভূপিন্দর কুমার গুরুতর অবস্থায় অনন্তনাগের সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শেষমেষ তাঁকেও বাঁচানো সম্ভব হল না।
সন্ত্রাসবাদীদের খোঁজে শনিবার সকালেও চলছে তল্লাশি অভিযান।নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার (LeT) ছায়া সংগঠন 'দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট' (TRF) কুলগামে হামলার দায় স্বীকার করেছে।পুলিশ সূত্রের খবর, কুলগাম শহর থেকে বেশ কিছুটা দূরে কেল্লাম এলাকার একটি ইটভাটায় কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎই অতর্কিতে কয়েকজন বন্দুকধারী জঙ্গি এসে তাঁদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালাতে শুরু করে।নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল (LG) মনোজ সিনহা। দশ দিনে জোড়া জঙ্গি হামলায় ভূস্বর্গের নিরাপত্তা ফের প্রশ্নের মুখে।
















