উত্তরপ্রদেশের গঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা। আচমকা টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর ১০০ মিটারেরও বেশি দূরত্ব এগিয়ে গিয়ে খুঁটিতে ধাক্কা মারল একটি SUV। গাড়িতে সেই সময়ে ছিলেন বিজেপি বিধায়ক চন্দ্রপাল সিং। দুর্ঘটনায় বিধায়ক-সহ দু’জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে (যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করে নি জাগো বাংলা)। সেখানে দেখা যাচ্ছে, এক্সপ্রেসওয়ের উপর আচমকাই গাড়ির একটি টায়ার ফেটে যায়। এরপর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রবল গতিতে পিছলে যেতে থাকে। বৃষ্টির জলে ভেজা রাস্তার উপর দিয়ে ছিটকে গিয়ে শেষ পর্যন্ত এক্সপ্রেসওয়ের মূল রাস্তা ছেড়ে কাঁচা অংশে উঠে যায় গাড়িটি। বেশ কিছুটা দূর যাওয়ার পর একটি খুঁটিতে ধাক্কা মেরে থেমে যায় এসইউভিটি।
জানা গিয়েছে, লখনউ থেকে ফেরার পথে পোতা কাবুলপুর গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিধায়ক চন্দ্রপাল সিংকে হাপুড়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বুলন্দশহরের ডিবাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক। তবে তাঁর চোট ঠিক কতটা গুরুতর, তা এখনও স্পষ্ট নয়। চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে, নাকি শুধুমাত্র পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে রাখা হয়েছে—সেটা নিয়েও নিশ্চিত তথ্য মেলেনি। দুর্ঘটনা নিয়ে পুলিশের তরফে এখনও বিস্তারিত বিবৃতি প্রকাশ করা হয়নি।















