নয়াদিল্লিতে নিজের বাড়িতে তৃণমূলের সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সকালে উপস্থিত ছিলেন NDA এবং শরিক দলের সাংসদরাও। রাজনৈতিক টানাপড়েনের পর এই বৈঠকে উপস্থিত ছিলেন তিন বেসুরো সাংসদ- আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠানও।
বৈঠকে নিজের কেন্দ্র এবং রাজ্যের উন্নয়নে কাজ করার বার্তা দিয়ে মোদি বলেন, ‘রাজ্যগুলির অগ্রগতি হলে, তবেই দেশের উন্নয়ন সম্ভব।’ বৈঠক শেষে বেরিয়ে মুর্শিদাবাদ কেন্দ্রের তৃণমূল সাংসদ আবু তাহের জানান, “আমরা পশ্চিমবঙ্গ তথা মুর্শিদাবাদের সংখ্যালঘুদের প্রতিনিধি। রাজ্যে সংখ্যালঘুরা নানা ভাবে অত্যাচারিত ও বঞ্চিত হচ্ছেন। দেশের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে এই বিষয়ে আমরা বিস্তারিত জানিয়েছি।”
আবু তাহের আরও জানিয়েছেন, নিজের এলাকার রেলপথের দাবি। সাংসদ বাপি হালদার ‘গঙ্গাসাগর’ মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি দেওয়ার দাবি করেছেন। আবার বাঁকুড়ার সাংসদ অরূপ রায় আর্জি জানিয়েছেন সাংসদদের এমপিল্যাডের টাকায় যে ১৮ শতাংশ জিএসটি কার্যকর করা হয়, সেটা যেন তুলে দেওয়া হয়। সূত্রের খবর প্রধানমন্ত্রী সবার কথা শুনেছেন। আশ্বাসও দিয়েছেন।
















