মার্লিন গ্রুপের চেয়ারম্যান সুশীল মোহতা ও শিল্পী এলিনা ব্যানিকের উপস্থিতিতে অ্যাক্রোপলিস মলের ১১তম বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ উদ্যোগ নেওয়া হল। একতারার ১১ জন শিশুকে নিয়ে ‘১১-তে ১১’ শীর্ষক এই আয়োজনে শিশুদের ক্যানভাসে ফুটে উঠল তাঁদের চোখে দেখা দুর্গাপুজো। জন্মদিনের উদযাপনকে শিশুদের সৃজনশীলতার সঙ্গে যুক্ত করাই ছিল এই উদ্যোগের মূল ভাবনা।
মার্লিন গ্রুপের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিশুরা নিজেদের পছন্দমতো পুজোর বিভিন্ন মুহূর্ত ক্যানভাসে তুলে ধরে। তাদের আঁকার উৎসাহ দিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী এলিনা ব্যানিক। শিশুদের সঙ্গে তিনিও ক্যানভাসে দুর্গাপুজোর একটি ছবি আঁকেন। শিল্পীর সঙ্গে একই পরিসরে ছবি আঁকার সুযোগ পেয়ে উৎসাহিত হয় শিশুরাও।
অনুষ্ঠানের শেষ পর্বে শিশুদের হাতে উপহার তুলে দেন সুশীল মোহতা। পরে কেক কেটে অ্যাক্রোপলিস মলের ১১ বছর পূর্তি উদযাপন করা হয়। সুশীল মোহতা বলেন, “১১ বছর পূর্তি আমাদের জন্য বিশেষ মুহূর্ত। শিশুদের নিজেদের চোখে পুজোর আনন্দ তুলে ধরার সুযোগ দেওয়ার মাধ্যমে আমরা কলকাতা ও দুর্গাপুজোর আবেগকে উদযাপন করতে চেয়েছি।”
২০১৫ সালে পথচলা শুরু করার পর অ্যাক্রোপলিস মল কলকাতার কেনাকাটা, খাবার ও বিনোদনের অন্যতম পরিচিত ঠিকানা হয়ে উঠেছে। এবার সেই প্রতিষ্ঠানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে শিশুদের সৃজনশীলতাকে সামনে এনে উৎসবের আনন্দ ভাগ করে নিল মার্লিন গ্রুপ।















