ঠোঁটের স্বাভাবিক গোলাপি আভা হারিয়ে যাওয়া বা হঠাৎ রঙের পরিবর্তন আসলে শরীরে লুকিয়ে থাকা বড় কোন রোগের প্রাথমিক লক্ষণ হতে পারে। চিকিৎসকদের মতে, আমাদের ঠোঁটের চামড়া অত্যন্ত পাতলা ও সংবেদনশীল হওয়ায় শরীরের ভেতরের যেকোনোও অসংগতি এখানে খুব দ্রুত প্রকাশ পায়। লিপস্টিক বা লিপবাম দিয়ে সাময়িকভাবে এই দাগ বা রঙের বদল ঢেকে রাখা গেলেও, তা অবহেলা করা একদমই উচিত নয়। আবার ধূমপান করলে অনেকের ঠোঁটেই কালচে ছোপ পড়ে। কিন্তু তাঁরও যদি এমন রং বদল দেখা যায় তবে অবশ্যই তা চিন্তার। আসুন জেনে নিন ঠোঁটের কোন রং কোন শারীরিক সমস্যার ইঙ্গিত দেয়।
আরও পড়ুন: অনলাইনে সাট্টার কারবার! চক্রের বিরুদ্ধে কড়া লালবাজার
ফ্যাকাশে বা সাদাটে ঠোঁট
ঠোঁট যদি তার স্বাভাবিক গোলাপি ভাব হারিয়ে অতিরিক্ত ফ্যাকাশে বা সাদাটে দেখায়, তবে বুঝতে হবে শরীরে হিমোগ্লোবিনের মারাত্মক ঘাটতি বা রক্তাল্পতা (Anemia) রয়েছে। শরীরে আয়রনের অভাব হলে রক্ত সঞ্চালন সঠিক ভাবে হয় না, ফলে ঠোঁটের সূক্ষ্ম রক্তনালিগুলোতে পর্যাপ্ত রক্ত পৌঁছায় না। এছাড়া রক্তচাপ কমে গেলে বা ভিটামিন বি১২ এর অভাব হলেও ঠোঁট বিবর্ণ হতে পারে।
অতিরিক্ত উজ্জ্বল লাল ঠোঁট
কোন রকম প্রসাধন ছাড়াই যদি ঠোঁট অস্বাভাবিক রকমের লাল দেখায়, তবে খুব বেশি খুশি হওয়ার কারণ নেই। এটি অনেক সময় লিভারের রোগের লক্ষণ হতে পারে। এছাড়া অনেক সময় সস্তার কসমেটিকস ব্যবহারের কারণে ঠোঁটের কোষে অ্যালার্জি ও প্রদাহ তৈরি হয়, যার ফলে ঠোঁট লাল হয়ে ফুলে যায় ও জ্বালাপোড়া করে।
আরও পড়ুন: অভিষেকের আমতলার কার্যালয়ে ভাঙায় স্থিতাবস্থা বজায় রাখল হাই কোর্ট, মেয়াদ কতদিনের
হলদেটে ঠোঁট
ঠোঁট বা ঠোঁটের আশপাশের ত্বকে যদি হলদে ভাব ফুটে ওঠে, তবে তা সরাসরি জন্ডিসের দিকে ইঙ্গিত করে। পিত্তথলিতে পাথর জমলে, লিভারে কোন সংক্রমণ বা ক্ষত তৈরি হলে রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়, যা ঠোঁটের রঙে প্রকাশ পেতে পারে।
নীলচে বা বেগনি ঠোঁট
হঠাৎ করে ঠোঁটের রং নীল বা বেগনি হয়ে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ লক্ষণ। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘সায়ানোসিস’। রক্তে অক্সিজেনের তীব্র ঘাটতি হলে এমনটা ঘটে। যাঁরা দীর্ঘদিন ধরে হাঁপানি (Asthma), সিওপিডি (COPD) বা নিউমোনিয়ার মতো ফুসফুসের সমস্যায় ভুগছেন, তাঁদের এই সমস্যা হতে পারে। এছাড়া জন্মগত হার্টের রোগ বা হঠাৎ হার্ট অ্যাটাকের ফলেও ঠোঁট নীলচে হয়ে যেতে পারে।
আরও পড়ুন: স্কুটিতে সজোরে ধাক্কা উত্তরপাড়ার বিজেপি বিধায়কের, জখম মহিলা
কালচে বা কালো ছোপযুক্ত ঠোঁট
ঠোঁটে কালো ছোপ পড়া খুবই সাধারণ একটি সমস্যা। অতিরিক্ত ধূমপান, ঘন ঘন চা-কফি পানের অভ্যাস কিংবা মেয়াদোত্তীর্ণ লিপস্টিক ব্যবহারের কারণে ঠোঁটে মেলানিন জমা হয়ে কালচে ভাব আসে। তবে ধূমপান না করা সত্ত্বেও যদি এই সমস্যা দেখা দেয়, তবে তা শরীরে হরমোনের গোলমাল কিংবা পুষ্টি উপাদানের অভাবের সংকেত হতে পারে।
ধূসর বা বিবর্ণ ঠোঁট
ঠোঁটের রং যদি ধূসর দেখায়, তবে তা শরীরের বিপাকক্রিয়াজনিত (Metabolism) ত্রুটির কারণে হতে পারে। যাঁরা ক্রনিক কোষ্ঠকাঠিন্য বা তীব্র লিভার ও পেটের এসিডিটির সমস্যায় ভোগেন, তাঁদের ঠোঁটে এমন ধূসর আভা দেখা দিতে পারে।
তবে বিশেষজ্ঞদের পরামর্শ, ঠোঁটের রঙের সাময়িক পরিবর্তন সাধারণ আবহাওয়া বা ডিহাইড্রেশনের কারণেও হতে পারে। তবে কোনও কারণ ছাড়াই যদি এই পরিবর্তন দীর্ঘস্থায়ী হয়, তবে নিজে থেকে কোনও সিদ্ধান্ত না নিয়ে অবিলম্বে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।















