আজকের ডিজিটাল যুগে আমাদের দিন কাটে ল্যাপটপের কিবোর্ডে আঙুল চালিয়ে কিংবা স্মার্টফোনের পর্দায় বুড়ো আঙুল ঘুরিয়ে। স্কুল-কলেজের নোট থেকে শুরু করে বাজার-দোকানের ফর্দ কিংবা অফিসের জরুরি নথিপত্র সবই এখন টাইপ করা হচ্ছে। কিন্তু এই ‘ডিজিটাল অভ্যাস’ কি অজান্তেই আমাদের অলস করে দিচ্ছে? মস্তিষ্ককে করে তুলছে ধারভারহীন? সাম্প্রতিক একাধিক আন্তর্জাতিক বৈজ্ঞানিক গবেষণায় উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য। বিজ্ঞানীরা বলছেন, আমাদের হাতের আঙুল যখন কলম ছুঁয়ে কাগজে প্রতিটি অক্ষরের নিখুঁত নকশা তৈরি করে, তখন মস্তিষ্কের স্মৃতিশক্তি এবং শেখার ক্ষমতা বহুগুণ বেড়ে যায়, যা কম্পিউটার বা ফোনের কিবোর্ডে টাইপ করলে ঘটে না।
আরও পড়ুন: মেঘের দেশে অলস দুপুর আর ইনফিনিটি পুল! ক্লান্তি ভুলে হারিয়ে যান কালিম্পং-এর এই স্বর্গে
অক্ষরের ছোঁয়ায় জাগে মস্তিষ্ক
গবেষকদের মতে, যখন আমরা কিবোর্ডে টাইপ করি, তখন প্রতিটি অক্ষরের জন্য আমরা কেবল একই ধরনের বোতামে আঙুল ছুঁয়ে যাই, এতে মস্তিষ্কের খুব সামান্য অংশ সক্রিয় হয়। অন্যদিকে, হাতে লেখার সময় প্রতিটি অক্ষরের আলাদা আকৃতি তৈরি করতে হয়। এর ফলে আমাদের চোখ, হাতের আঙুল এবং মাথার স্নায়ুগুলো একসঙ্গে কাজ শুরু করে। বিজ্ঞানীদের ভাষায়, হাতে লেখার সময় মস্তিষ্কের একটি বড় অংশ জুড়ে ‘নিউরাল কানেক্টিভিটি’ বা স্নায়ুবিক যোগাযোগ তৈরি হয়। এটি মস্তিষ্ককে জটিল তথ্য সহজে বুঝতে এবং মনে রাখতে সাহায্য করে।
আরও পড়ুন: জন্মদিনে খোলা চিঠি ঋদ্ধির, বাবাকে লিখলেন ‘না বলা কথা’
স্মৃতিকে ধরে রাখে ‘আলফা’ ও ‘থিটা’ তরঙ্গ
অত্যাধুনিক ব্রেন স্ক্যান প্রযুক্তির মাধ্যমে দেখা গেছে, কলম ধরে লেখার সময় মস্তিষ্কে ‘আলফা’ এবং ‘থিটা’ নামের বিশেষ তরঙ্গ তৈরি হয়। এই তরঙ্গগুলি মানুষকে গভীরভাবে চিন্তা করতে এবং নতুন তথ্য সহজে মনে রাখতে সাহায্য করে। যেকারণে পড়া বা তথ্য খুব সহজেই মাথায় গেঁথে যায় এবং বহুদিন মাথায় থাকে। কিন্তু টাইপ করার সময় মস্তিষ্কে এই ধরনের তরঙ্গের উপস্থিতি খুবই কম দেখা যায়।
আরও পড়ুন: মাতৃত্বের পর বডি শেমিং! ‘সৌন্দর্য তো মনে’, নিন্দুকদের কড়া জবাব ক্যাটরিনার
টাইপিং বনাম বুঝে লেখা
মানুষ মুখের কথার মতো দ্রুত গতিতে হাতে লিখতে পারে না। আর এই ধীরগতিই মানুষের জন্য আশীর্বাদ। কোন লেকচার বা মিটিংয়ের কথা শোনার পর, মানুষ তা হুবহু হাতে লিখতে পারে না। ফলে মস্তিষ্ককে প্রথমে সেই তথ্যটি নিজেকে বুঝতে হয়, তারপর সংক্ষেপে নিজের মতো করে সাজিয়ে খাতায় লিখতে হয়। এই প্রক্রিয়ার কারণে বিষয়টি মানুষের মাথায় খুব পরিষ্কার হয়ে যায়। অন্যদিকে, টাইপ করার গতি অনেক বেশি হওয়ায়, অনেকে বক্তার কথা না বুঝেই হুবহু সব কথা টাইপ করে যান। বিজ্ঞানীরা একে বলছেন ‘যান্ত্রিক রেকর্ডিং’, যা দ্রুত টাইপ করা গেলেও পরে মানুষের মনে থাকে না।
আরও পড়ুন: আন্তর্জাতিক পুরুষ দিবসে অভিনব চমক! ঋতুপর্ণার নতুন থ্রিলারে ক্যামেরার সামনে শুধুই নারীবাহিনী
ছোটদের ভাষা শিক্ষার মূল ভিত্তি
বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, প্রাথমিক শিক্ষার স্তরেই শিশুদের হাতে লেখার অভ্যাস গড়ে তোলা উচিত। পেন্সিল বা কলম দিয়ে বর্ণমালা আঁকা বা ট্রেসিং করা শিশুদের ভাষা ও অক্ষর চেনার ভিতকে অনেক বেশি মজবুত করে, যা কেবল স্ক্রিনে বোতাম টিপে সম্ভব নয়।
তাহলে এর সমাধান কী? প্রযুক্তির এই যুগে টাইপিংকে পুরোপুরি বাদ দেওয়া অসম্ভব। তবে বিজ্ঞানীরা কিছু পরামর্শ দিয়েছেন। নতুন কিছু শেখার সময়, পরীক্ষার নোট তৈরি বা ডায়েরি লেখার মতো কাজে খাতা-কলম ব্যবহার করুন। যারা কাগজ পছন্দ করেন না, তারা ট্যাবলেটের পর্দায় ডিজিটাল পেন বা স্টাইলাস ব্যবহার করতে পারেন। এটিও কাগজের মতোই ব্রেনকে সক্রিয় রাখে। তবে ইমেইল পাঠানো বা অফিসের বড় ডেটা এন্টির কাজে গতি বজায় রাখতে টাইপিং ব্যবহার করাই শ্রেয়। প্রযুক্তি আমাদের কাজকে সহজ করেছে ঠিকই, কিন্তু মস্তিষ্কের ধার বাড়াতে প্রাচীন খাতা-কলমের কোনও বিকল্প নেই। তাই আজ থেকেই দিনে অন্তত কয়েক পাতা হাতে লেখার অভ্যাস বজায় রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
















