মা হওয়ার পর নারী শরীরে পরিবর্তন আসাটাই স্বাভাবিক। কিন্তু গ্ল্যামার দুনিয়ার তারকাদের ক্ষেত্রে যেন এই সাধারণ নিয়মটিও মেনে নিতে পারেন না নেটনাগরিকদের একাংশ। সম্প্রতি মা হওয়ার পর নিজের চেহারা বা বডি ট্রান্সফর্মেশন নিয়ে ট্রোলের মুখে পড়তে হল বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে। কিছুদিন ধরেই সলমন-শাহরুখের হিট নায়িকাকে বাক্যবাণে বিদ্ধ হতে হচ্ছে তাঁর শরীরী গড়ন নিয়ে। কেউ কেউ তো ভবিষ্যতবাণী করে বলেও দিয়েছেন ক্যাটরিনার কেরিয়ার শেষ! আর এমন কটাক্ষের আবহেই মুখ খুললেন খোদ অভিনেত্রী। ট্রোলের জবাবে নিন্দুকদের সপাটে জবাব দিয়ে ক্যাটরিনা বুঝিয়ে দিলেন, বাহ্যিক রূপ নয়, মানুষের অন্তরের সৌন্দর্যই আসল।

আরও পড়ুন: আন্তর্জাতিক পুরুষ দিবসে অভিনব চমক! ঋতুপর্ণার নতুন থ্রিলারে ক্যামেরার সামনে শুধুই নারীবাহিনী

কিছুদিন আগেই মা হয়েছেন ক্যাটরিনা কাইফ। মাতৃত্বকালীন ছুটির পর সম্প্রতি যখন তিনি আম্বানিদের গণপতি উৎসবে যোগ দিতে আসেন তখন ক্যামেরার সামনে এলে, তাঁর ওজন বৃদ্ধি এবং শারীরিক পরিবর্তন নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিন্দুকদের ঝড় উঠলে সপাটে জবাব দিলেন তিনি। সমস্ত ট্রোলিংয়ের বিরুদ্ধে মুখ খুলে ক্যাটরিনা কাইফ জানান, মাতৃত্ব একটি নারীর জীবনের সবচেয়ে সুন্দর এবং পবিত্র অভিজ্ঞতা। এই সময়ে শরীরে যে বদল আসে, তা অত্যন্ত স্বাভাবিক এবং একে সম্মান জানানো উচিত। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “একটি শিশুকে পৃথিবীতে নিয়ে আসার পর শরীরের এই পরিবর্তন নিয়ে আমি গর্বিত। যাঁরা শুধু বাইরের খোলস দেখে মানুষকে বিচার করেন, তাঁদের দৃষ্টিভঙ্গি বদলানো দরকার। আসল সৌন্দর্য মানুষের মনে এবং চিন্তাভাবনায় থাকে, যা সময়ের সাথে ফিকে হয়ে যায় না।”

অভিনেত্রী আরও জানান, বর্তমানে তাঁর রূপচর্চার মূল লক্ষ্যই হল, ভিতর থেকে সুস্থ থাকা, সুন্দর থাকা, সুষম খাদ্যাভ্যাস, প্রতিদিন ধ্যান এবং মেডিটেশন করা। 

আরও পড়ুন: একসঙ্গে জটায়ু ও একেনবাবুর চরিত্রে নয়! অনির্বাণের বড় সিদ্ধান্ত ফাঁস করলেন কুণাল

ক্যাটরিনার এই মন্তব্যের পর তাঁর পাশে দাঁড়িয়েছেন লক্ষাধিক অনুরাগী এবং বলিউডের সহকর্মীরা। নেটিজেনদের একাংশ বলছেন, সেলিব্রিটি হলেও একজন মা-কে তাঁর শরীরের গঠন নিয়ে ট্রোল করা অত্যন্ত মানসিক বিকৃতির লক্ষণ। ক্যাটরিনা যেভাবে বডি শেমিংয়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, তা অনেক নতুন মায়েদের আত্মবিশ্বাস জোগাবে।