প্রযুক্তির ছোঁয়ায় আমাদের জীবন যেমন সহজ হয়েছে, ঠিক তেমনই অজান্তেই ওত পেতে রয়েছে এক ভয়ঙ্কর অন্ধকার জগত। ওটিপি স্ক্যাম, ডেটা চুরি, ব্ল্যাকমেইলিং কিংবা সোশ্যাল মিডিয়া স্টকিংয়ের মতো সাইবার অপরাধের ফাঁদে পড়ে এক নিমেষেই সর্বস্বান্ত হচ্ছেন হাজার হাজার মানুষ। ঠিক এই বাস্তব আর জ্বলন্ত সমস্যাকেই এবার রুপোলি পর্দায় থ্রিলারের মোড়কে নিয়ে আসছেন পরিচালক দেবারতি ভৌমিক। ছবির নাম ‘নজরবন্দী’।
আরও পড়ুন: একসঙ্গে জটায়ু ও একেনবাবুর চরিত্রে নয়! অনির্বাণের বড় সিদ্ধান্ত ফাঁস করলেন কুণাল
ইতিমধ্যেই ছবির মোশন পোস্টার সিনেমা প্রেমীদের মধ্যে দারুণ কৌতূহল তৈরি করেছে। তবে এই ছবিকে ঘিরে টলিউডে তৈরি হয়েছে এক অদ্ভুত সমাপতন আর চরম চর্চা। আগামী ১৯ নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবসে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি, অথচ পুরো সিনেমার ক্যামেরার সামনে দেখা যাবে না একজনও পুরুষ চরিত্রকে!
সাধারণত নারীকেন্দ্রীক সিনেমা বলতে আমরা যা বুঝি, ‘নজরবন্দী’ তার চেয়ে অনেকটাই আলাদা। পরিচালক এখানে চেনা ছক ভেঙে এক সম্পূর্ণ ভিন্নধর্মী কাস্টিং সাজিয়েছেন। ছবিটিতে মূল চরিত্রে একজন চিত্রশিল্পীর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত-কে। তাঁর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে স্ক্রিন শেয়ার করেছেন অনিন্দিতা বসু, পায়েল সরকার, রাজনন্দিনী পাল এবং দর্শনা বণিকের মতো একঝাঁক প্রতিভাবান অভিনেত্রী। সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, ছবির পুলিশ অফিসার থেকে শুরু করে সাইবার অপরাধের মাস্টারমাইন্ড খলনায়িকা—সব চরিত্রেই রয়েছেন মহিলারা। পুরুষ দিবসে সম্পূর্ণ পুরুষহীন একটি ক্রাইম থ্রিলার মুক্তি পাওয়ার এই অভিনব ভাবনাই টলিউডে প্রথম। পর্দার রাশ যে সম্পূর্ণ ‘প্রমীলা বাহিনী’র হাতে তা বোঝাই যাচ্ছে।
আরও পড়ুন: পুজোর আগেই প্রবল দুর্যোগ! ওডিশার সঙ্গে ঘূর্ণিঝড়ের আশঙ্কা বাংলার উপকূলেও?
জানা গেছে, পরিচালকের নিজের ব্যক্তিগত জীবনের একটি ভুয়ো ফোন কল এবং সাইবার প্রতারণার চেষ্টার বাস্তব অভিজ্ঞতা থেকেই এই চিত্রনাট্যের জন্ম। তবে কলকাতার চেনা চার দেওয়ালের বদলে এই রহস্যের জাল বোনা হয়েছে হিমাচল প্রদেশের ধরমশালার হাড়কাঁপানো ঠাণ্ডা আর নিস্তব্ধ পাহাড়ি পরিবেশে। পাইন বনের নির্জনতা আর আঁকাবাঁকা রাস্তার বাঁকে বাঁকে সাইবার দুনিয়ার কোন ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে, তা নিয়েই এগিয়েছে ছবির গল্প।
আরও পড়ুন: শ্রীদেবীর সম্পত্তি নিয়ে আদালতে টানাপড়েন, শীর্ষ আদালতের নোটিশ কাপুর পরিবারকে
কথাবিন্যাস মিডিয়া প্রোডাকশন হাউসের প্রযোজনায় নির্মিত ‘নজরবন্দী’ শুধু বিনোদন নয়, ডিজিটাল যুগে সাধারণ মানুষকে অনলাইনে পা ফেলার আগে আরও সচেতন হওয়ার এক জোরালো বার্তাও দেবে। পুরুষ দিবসে পুরুষহীন এই প্রমীলা ব্রিগেডের থ্রিলার দর্শকদের মন কতটা ‘নজরবন্দী’ করতে পারে, এখন সেটাই দেখার।
















