প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর (Sridevi) চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে শুরু হয়েছে আইনি টানাপড়েন। প্রায় ২.৭ একর জমির মালিকানা নিয়ে দায়ের হওয়া মামলায় এ বার বনি কাপুর, জাহ্নবী কাপুর ও খুশি কাপুরকে (Boney Kapoor, Janhvi Kapoor, and Khushi Kapoor) নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মামলাটি মীমাংসা না হওয়া পর্যন্ত বিতর্কিত সম্পত্তির বর্তমান অবস্থায় কোনও পরিবর্তন না করার নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত।
চেন্নাইয়ের ইস্ট কোস্ট রোডের ওই জমির মালিকানা নিয়ে দাবি তুলেছেন এমসি শিবকামী ও তাঁর ভাই। তাঁদের বক্তব্য, জমিটির সঙ্গে তাঁদের পারিবারিক উত্তরাধিকারের সম্পর্ক রয়েছে এবং সম্পত্তিতে তাঁদেরও আইনগত অংশ রয়েছে। সেই দাবির ভিত্তিতেই জমির মালিকানা ও পুরনো লেনদেনকে চ্যালেঞ্জ করে তাঁরা আদালতের দ্বারস্থ হয়েছেন। ১৯৮৮ সালে শ্রীদেবীর হাতে ওই জমি আসে বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।
বিতর্কটি অবশ্য নতুন নয়। প্রথমে নিম্ন আদালতে মামলা গড়ায় এবং সেখানে মামলাটি চালানোর মতো প্রাথমিক ভিত্তি রয়েছে বলে আবেদনকারীদের পক্ষে সায় মেলে। পরে বিষয়টি মাদ্রাজ হাই কোর্টে (Madras High Court) যায়। সেখানে কাপুর পরিবারের পক্ষে রায় দিয়ে মামলা খারিজ করা হয়। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই এ বার শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন মামলাকারীরা।
সুপ্রিম কোর্টে আবেদনকারীদের তরফে অভিযোগ, মামলার প্রাথমিক গ্রহণযোগ্যতা বিচার করার পরিবর্তে মাদ্রাজ হাই কোর্ট নথিপত্রের বিস্তারিত বিচার করে কার্যত ‘মিনি ট্রায়াল’ চালিয়েছে। প্রথম স্ত্রীর বিয়ের বৈধতা এবং উত্তরাধিকার সংক্রান্ত প্রশ্নের উপর ভিত্তি করে মামলা খারিজ করা হয়েছে বলেও তাঁদের দাবি। এই পদ্ধতি আইনসম্মত নয় এমন যুক্তিই শীর্ষ আদালতে তুলে ধরেছেন আবেদনকারীদের আইনজীবী। আপাতত সম্পত্তির বর্তমান পরিস্থিতি বজায় রাখার নির্দেশ দিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট।
















