বর্তমান সময় সিনেমা হোক প্রতিটি ওটিটি প্লাটফর্ম জটায়ু এবং একেনবাবুর চরিত্রে সুপারহিট একজনই। তিনি অনির্বাণ চক্রবর্তী। অভিনেতা অনির্বাণ দুটি চরিত্রকেই সাবলীলভাবে করে চলেছেন।  কিন্তু দুটি চরিত্রের মধ্যে চেহারাগত এবং লুকের সাযুজ্য থাকলেও দুটো চরিত্র একেবারেই ভিন্নধর্মী। এই প্রেক্ষাপটে একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। তাঁর সেই সিদ্ধান্তের কথাই ফাঁস করলেন অভিনেতা তথা বিধায়ক কুণাল ঘোষ।

 

নিজের ইউটিউব চ্যানেলে এই বিষয়ে একটি ভিডিও পোস্ট করেছেন কুণাল, সেখানে তিনি সাম্প্রতিক সময় তাঁর সঙ্গে অনির্বাণের বেশ কিছু কথাবার্তা এবং আলোচনার অংশ শেয়ার করেছেন। কুণালের বক্তব্য অনুসারে, “কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে অনির্বাণের সঙ্গে তাঁর দেখা হয়। সেখানে তিনি অনির্বাণকে প্রশ্ন করেন, জটায়ু এবং একেন বাবুর চরিত্র দুটো একই সঙ্গে করাটা কতটা চ্যালেঞ্জিং?”

 

কুণাল ঘোষ নিজের ভিডিও বার্তায় বলেন, “জটায়ু চরিত্রের আগে অনেক অভিনেতাই করেছেন।  এই তালিকা সন্তোষ দত্ত থেকে বিভু ভট্টাচার্য , রবি ঘোষ আছেন।  সন্তোষ দত্তের পরে সব থেকে সফল যিনি জটায়ু চরিত্র পর্দায় তুলে ধরতে পেরেছেন অনির্বাণ চক্রবর্তী। অন্যদিকে একেনবাবু অনির্বানের নিজস্ব ফ্র্যাঞ্চাইজি। একেনবাবু বললেই অনির্বাণ ছাড়া আর কারোর কথাই দর্শক ভাবতে পারেন না। দুটি চরিত্র একেবারেই আলাদা। জটায়ু একজন সাহিত্যিক তিনি প্রখর রুদ্রকে প্রমোট করেন ফেলুদার বন্ধু হিসাবে। একেনবাবু নিজেই একজন গোয়েন্দা। তার প্রখর বুদ্ধির মাধ্যমে রহস্যের সমাধান করেন।“

 

এরপরই একটি বড় খবর দেন কুণাল। তাঁর কথায়,  “দুটি চরিত্র একইসঙ্গে আর করবেন না। অনির্বাণ  সিদ্ধান্ত নিয়েছেন জটায়ু চরিত্রে তিনি আর অভিনয় করবেন না এবার থেকে শুধুমাত্র একেনবাবুর চরিত্রই অভিনয় করবেন।” একেনবাবুর জন্য জটায়ুকে বিদায় জানাচ্ছেন অনির্বাণ।

 

 সাম্প্রতিক সময়ে জটায়ুর চরিত্রে সেট হয়ে গিয়েছিলেন অনির্বাণ। ওটিটিতে প্রযোজক বদল হলেও ফেলুদা বা জটায়ুর চরিত্রে অভিনেতা বদল হয়নি। এবার ফেলুদা বা তোপসে এক থাকলেও নতুন জটায়ু খুঁজতে হবে পরিচালককে। আপাতত অনির্বাণ শুধু একেনই।