বাবা-ছেলের সম্পর্কের সমীকরণ অনেক সময়ই থাকে দূরত্ব। মায়ের কাছে যে কথাগুলি সহজে বলা যায়, বাবার সামনে সেগুলিই বলতে গিয়ে কোথাও যেন তৈরি হয় এক অদৃশ্য সংকোচ। তবে সময়ের সঙ্গে সেই দূরত্বই বদলে যায় বন্ধুত্বে। কৌশিক সেন (koushik Sen) এবং ঋদ্ধি সেনের (Riddhi Sen) সম্পর্কেও যেন সেই ছবিই স্পষ্ট। বাবার জন্মদিনে ঋদ্ধির লেখা খোলা চিঠিতে উঠে এল সেই গভীর বন্ধনেরই ছাপ।
আরও পড়ুন: ১১-তেই গিনেসে বঙ্গকন্যা, এক মিনিটে ২০ কর্ড চিনে বিশ্বরেকর্ড যশমিতার
জন্মদিনে (Birthday Wish) বাবাকে শুভেচ্ছা জানাতে সামাজিক মাধ্যমে কৌশিক সেনের সঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি ভাগ করে নেন ঋদ্ধি। সঙ্গে লেখেন দীর্ঘ এক আবেগঘন বার্তা। তাঁর লেখায় উঠে আসে এমন এক বাবার কথা, যিনি শুধু নিজের সন্তানকে আগলে রাখেন না, বরং তার ভুল, হার এবং দুর্বলতাকেও সহজভাবে গ্রহণ করতে শেখান।
ঋদ্ধি লেখেন, এমন এক সময়ে যখন ‘আমি’ শব্দটিই যেন নানা অর্থে ব্যবহার ও বেচাকেনার বস্তু হয়ে উঠেছে, তখন তাঁর বাবা সেই ‘আমি’-কে ভাঙতে যেমন জানেন, তেমনই জানেন তাকে অটুট রাখার পথও। চারপাশের ঘৃণা, দূষণ এবং জিতে যাওয়ার মরিয়া প্রতিযোগিতার মধ্যেও কৌশিকের মধ্যে নিজের হেরে যাওয়ার সত্যিটুকু স্বীকার করে নেওয়ার ক্ষমতাকে বিশেষভাবে তুলে ধরেছেন অভিনেতা-পুত্র।
শুধু তাই নয়, ঋদ্ধির লেখায় সমাজের ‘শুনতে না পাওয়ার’ প্রবণতার কথাও এসেছে। তাঁর মতে, চারদিকে অসংখ্য কথার শব্দ থাকলেও সেই কথাগুলি যেন ক্রমশ অর্থহীন হয়ে যাচ্ছে। অথচ তাঁর বাবা এখনও শুনতে জানেন, অন্যকে শোনাতে জানেন এবং সত্যকে সহজভাবে গ্রহণ করতে পারেন।
বাবার প্রতি ভালোবাসার কথা বলতে গিয়ে ঋদ্ধি আরও লেখেন, জিতে যাওয়ার এই প্রতিযোগিতার পৃথিবীতে হেরে যাওয়াকেও যে অস্ত্র করে নেওয়া যায়, তাঁর বাবা সেটাও জানেন। প্রতিদিন নতুন করে শূন্য থেকে শুরু করার ক্লান্তিকেও যিনি ভয় পান না, তাঁর জীবনের সমস্ত শূন্যস্থান যেন ভালোবাসায় পূর্ণ হয়—এমনই কামনা করেছেন ঋদ্ধি।
শেষে বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ঋদ্ধির লেখা আরও ব্যক্তিগত হয়ে ওঠে। ভালোবাসা যে কোনও যুদ্ধ জিতে অর্জন করা যায় না, সেই উপলব্ধির কথা টেনে বাবার জন্মদিনে রেখে যান অনেক ‘না বলা কথা’ এবং অনেকটা হাসি।
অভিনেতা (Actor) হিসেবে কৌশিক সেনের পরিচিতি আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ধারাবাহিক থেকে বড় পর্দা, পাশাপাশি ওটিটিতেও নানা ধরনের চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছে। সম্প্রতি ‘আজও অর্ধাঙ্গিনী’ ছবিতে ‘সুমন’ চরিত্রে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। অন্যদিকে ঋদ্ধি সেনও নিজের অভিনয় দক্ষতায় তৈরি করেছেন আলাদা পরিচয়। সম্প্রতি মুক্তি পাওয়া ‘ডাক্তার কাকু’ ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে পর্দা ভাগ করেছেন তিনি।
















