সামনেই গণেশ চতুর্থী। বারো মাসে তেরো পার্বণের সঙ্গী এই পার্বণ। কয়েক বছর আগেও এত উন্মাদনা ছিল না গনেশ চতুর্থী নিয়ে। কিন্তু সময়ের সঙ্গে পা মিলিয়ে মানুষের মনেও এসেছে পরিবর্তন। আর সেই পরিবর্তনে গা ভাসিয়েই কলকাতা-সহ গোটা শহরের ভোল বদলে গেছে। ঘরে ঘরে সিদ্ধিদাতার আয়োজন তুঙ্গে। তাই গণ দাদার প্রিয় মোদক কিনতে দোকানের লম্বা লাইনে না দাঁড়িয়ে মাত্র ১৫ মিনিটে সামান্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করে ফেলুন তিনটি ভিন্ন স্বাদের মোদক।

আরও পড়ুন: চলে গেলেন ‘নোটন নোটন পায়রাগুলি’র স্রষ্টা কেতকী কুশারী ডাইসন

সিদ্ধিদাতা গণেশের প্রিয় এই ভোগটি ঘরের সাধারণ কিছু উপাদান দিয়ে খুব কম সময়ে তৈরি করে নেওয়া সম্ভব। এবার বাপ্পার ভোগে তাক লাগিয়ে দিতে দেখে নিন এই ৩টি ঝটপট রেসিপি:

ড্রাই ফ্রুটস ও খেজুরের মোদক

১ কাপ খেজুর (বীজ ছাড়া), আধ কাপ ডুমুর, আধ কাপ মিক্সড ড্রাই ফ্রুটস (আমন্ড, আখরোট, পেস্তা), ১ চা-চামচ ঘি এবং আধ চা-চামচ এলাচ গুঁড়ো। প্রথমে খেজুর ও ডুমুর ছোট ছোট টুকরো করে কেটে মিক্সিতে হালকা পেস্ট করে নিন। প্যানে ঘি গরম করে কুচানো ড্রাই ফ্রুটসগুলো হালকা ভেজে নিন। এবার তাতে খেজুর ও ডুমুরের পেস্ট এবং এলাচ গুঁড়ো দিয়ে ২-৩ মিনিট নাড়ুন। মিশ্রণটি আঠালো হয়ে এলে নামিয়ে সামান্য ঠান্ডা করুন। মোদকের ছাঁচে সামান্য ঘি মাখিয়ে মণ্ডটি চেপে চেপে মোদকের আকার দিন। যাঁরা স্বাস্থ্য সচেতন বা চিনি এড়িয়ে চলতে চান, তাঁদের জন্য এটি একদম সেরা। এতে বাড়তি কোনও মিষ্টির প্রয়োজন হয় না।

ঝটপট নারকেল ও কনডেন্সড মিল্কের মোদক

১ কাপ কোড়ানো শুকনো নারকেল (Desiccated Coconut), আধ কাপ কনডেন্সড মিল্ক, ১ চামচ মাখন বা ঘি এবং সাজানোর জন্য পেস্তা কুচি। প্যানে মাখন বা ঘি গরম করে শুকনো নারকেল কোরা দিয়ে কম আঁচে ২-৩ মিনিট হালকা ভেজে নিন। এবার এতে কনডেন্সড মিল্ক যোগ করুন এবং মিশ্রণটি কড়াইয়ের গা থেকে ছেড়ে না আসা পর্যন্ত ভালো করে প্রায় ৫-৭ মিনিট নাড়তে থাকুন। নামানোর আগে এলাচ গুঁড়ো মেশাতে পারেন। মিশ্রণটি নামিয়ে হালকা ঠান্ডা হলে মোদকের ছাঁচে ভরে সুন্দর মোদক বানিয়ে নিন এবং উপর থেকে পেস্তা কুচি ছড়িয়ে সাজিয়ে দিন। মাত্র ১০ থেকে ১৫ মিনিটেই তৈরি হয়ে যাবে এই সুস্বাদু মোদক।

আরও পড়ুন: শিক্ষিকাদের অন্তর্বাস খুলিয়ে তল্লাশি! সাঁকরাইলে ডিএলএড পরীক্ষায় বিস্ফোরক অভিযোগ

চকোলেট মোদক

১ কাপ ডার্ক বা মিল্ক চকোলেট কম্পাউন্ড, আধ কাপ বিস্কুটের গুঁড়ো, ২ চামচ ভাজা বাদাম কুচি এবং ২ চামচ কনডেন্সড মিল্ক। প্রথমে চকোলেটটি মাইক্রোওয়েভে ভালো করে গলিয়ে নিন। এবার গলানো চকোলেটের মধ্যে বিস্কুটের গুঁড়ো, ভাজা বাদাম কুচি এবং কনডেন্সড মিল্ক দিয়ে ভালো করে মিশিয়ে একটি মণ্ড তৈরি করুন। মোদকের ছাঁচে সামান্য ঘি মাখিয়ে এই মিশ্রণটি ভালোভাবে চেপে চেপে ভরে দিন। এরপর ছাঁচ থেকে বের করে মোদকগুলি ফ্রিজে ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা রেখে দিন সেট হওয়ার জন্য। ব্যস, তৈরি আপনার চকোলেট মোদক। 

আরও পড়ুন: কৌশিকী অমাবস্যায় চারদিনে তারাপীঠে রেকর্ড মদ বিক্রি!

দোকানের কেনা মোদকের চেয়ে ঘরে তৈরি উপকরণের বিশুদ্ধতা ও সতেজতাই এই উৎসবের ভক্তিকে আরও বাড়িয়ে তোলে। তাই এই গণেশ চতুর্থীতে আর দেরি না করে রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই ঝটপট সাজিয়ে ফেলুন বাপ্পার ভোগের থালা!