আমতলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় ভাঙার উপর জারি থাকা অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়াল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। ৩০ নভেম্বর পর্যন্ত ওই কার্যালয়ে স্থিতাবস্থা বজায় রাখতে হবে বলে মঙ্গলবার নির্দেশ দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ। পাশাপাশি, আমতলার ওই অফিস থেকে কী কী বাজেয়াপ্ত করা হয়েছে- তার বিস্তারিত রিপোর্ট জমা দিতে রাজ্যকে নির্দেশ দিয়েছে আদালত। সেই রিপোর্টের কপি পরবর্তী শুনানির আগেই আবেদনকারী তৃণমূলকে দিতে হবে। মামলার পরবর্তী শুনানি ২৬ নভেম্বর।
বেআইনি নির্মাণের অভিযোগে ১৮ জুলাই ডায়মন্ড হারবারের তৃণমূল (TMC) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আমতলার অফিসে বুলডোজার (Bulldozer) চালানো হয়। তার বিরুদ্ধে আদালতে অভিযোগে দায়ের করা হয়। যে জমিতে কার্যালয়টি রয়েছে, তা লিপস এন্ড বাউন্ডসের নামে কেনা হয়েছিল। পরপর দু’বার নোটিশে সাড়া না দেওয়ায় আমতলার কার্যালয় ভাঙার কাজ শুরু হয়। প্রশাসনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই ‘লিপস্ অ্যান্ড বাউন্ডস’-এর তরফে হাই কোর্টে মামলা হয়। সেই মামলায় ভাঙা বন্ধ রেখে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয় আদালত। একই সঙ্গে রাজ্যের থেকে বিস্তারিত তথা চাওয়া হয়। আগেই সেই ভাঙার কাজে স্থিতাবস্থা বহাল রাখার নির্দেশ দেওয়া হয়ছিল।
এদিন শুনানিতে তৃণমূলের আইনজীবী কিশোর দত্ত বলেন, রাজ্য জমি খালি করার নির্দেশ দিচ্ছে। ৫০৭, ৫০৯ ও ৫১২ দাগ নম্বর নিয়ে সমস্যা রয়েছে। রাজ্যের তরফে রিপোর্টে জানানো হয়, ৫০৭ দাগে পূর্বতন শাসকদলের অফিস রয়েছে। ডাকা হলেও সাক্ষ্য দেওয়া হয়নি। ৫০৯ দাগে মতি মল্লিকের ঘর আছে এবং ৫১২ নম্বর দাগ লিপস অ্যান্ড বাউন্ডসের নামে রয়েছে।
পুরসভার এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার রিপোর্টে জানিয়েছেন, অনুমতির বাইরে ৬.৫ মিটার নির্মাণ হয়েছিল। শুনানি চলাকালীন বিচারপতি প্রশ্ন তোলেন, পঞ্চায়েত পর্যন্ত যাওয়ার পর কি আপনাদের আর কোনও দায়িত্ব থাকে না? মামলার পরবর্তী শুনানি ২৬ নভেম্বর।
















