বাংলা নাট্যজগতকে গৈরিকীকরণের চেষ্টা! অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের (Academy of Fine Arts) একাংশে গেরুয়া রং করা নিয়ে সরব নাট্যজগত। ইতিমধ্যেই বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে (Shamik Bhattacharya) চিঠি পাঠিয়েছেন চন্দন সেন (Chandan Sen), বিভাস চক্রবর্তীদের মতো নাট্যব্যক্তিত্বরা। অ্যাকাডেমি চত্বরে বিক্ষোভ দেখিয়ে তাঁদের অভিযোগ শিল্প ও সংস্কৃতির পরিসরকে রাজনৈতিক রঙে চিহ্নিত করার প্রবণতা উদ্বেগজনক। ' ঘটনা নিন্দাজনক, বিজেপির কেউ এই কাজ করেনি', দাবি শমীকের।

কলকাতার অন্যতম নাট্য অডিটোরিয়াম অ্যাকাডেমির টিকিট কাউন্টারের পাশের সিকিউরিটি অফিস গেরুয়া রং করে দেওয়া হয়েছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছেন তা স্পষ্ট নয়। বিষয়টি নজরে আসতেই নাট্যকর্মীরা এই ঘটনার বিরোধিতা করেন। অ্যাকাডেমি চত্বরে বিক্ষোভে অংশ নেন বিপ্লব বন্দ্যোপাধ্যায়, বিমল চক্রবর্তী, সৌরভ পালোধিরা। ৪২০ জন নাট্য করবি ও সংস্কৃতিমনস্করা একটি ডেপুটেশনের সই করে তা জমা দেন বিজেপির রাজ্য সভাপতির কাছে। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হবে বলেও জানিয়েছেন তাঁরা। প্রতিক্রিয়া দিতে গিয়ে শমীক বলেন, 'রং বদলের রাজনীতি বিজেপির লক্ষ্য নয়। এটা ভারতীয় জনতা পার্টির এজেন্ডার মধ্যে পড়ে না। এমন ঘটনা নিন্দাজনক। কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে তা খুঁজে বের করুন ব্যবস্থা নেওয়া হবে।'