পুজোর মরশুমের পরেই রাজ্যে পুরভোটের (Municipal Election) দামামা। রাজ্যের সাত পুরসভায় ভোটের প্রস্তুতি চূড়ান্ত করতে বুধবার গুরুত্বপূর্ণ বৈঠক করল রাজ্য নির্বাচন কমিশন (Election commission)। মুখ্যসচিব (Chief Secretory), স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে দু'দফার বৈঠকে কমিশন ২৮ নভেম্বর ভোটগ্রহণ এবং ২ ডিসেম্বর গণনার প্রস্তাব দিয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। এ বিষয়ে রাজ্য সরকারের সম্মতিও চাওয়া হয়েছে। সম্মতি মিললেই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি (Notification) জারি করবে কমিশন।

সূত্রের খবর, কলকাতা, হাওড়া-সহ একাধিক পুরসভায় নির্বাচন করানোর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে রাজ্য নির্বাচন কমিশন। এদিনের বৈঠকে ভোট পরিচালনার জন্য প্রয়োজনীয় পুলিশ বাহিনীর সংখ্যা ও নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি নিয়েও আলোচনা হয়েছে। এ বিষয়ে রাজ্য পুলিশের কাছ থেকে বিস্তারিত রিপোর্টও চাওয়া হয়েছে।

এ দিন সংশ্লিষ্ট জেলার জেলাশাসকদের সঙ্গেও পৃথক বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার। সেখানে শান্তিপূর্ণ ও হিংসামুক্ত নির্বাচন নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়। পাশাপাশি সংশ্লিষ্ট পুরসভাগুলির নির্বাচন-প্রস্তুতির অগ্রগতিও পর্যালোচনা করা হয়েছে।
আরও পড়ুন: কার্তিক মহারাজের পর মিঠুন! ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদার পরামর্শদাতা পদে বসাল রাজ্য সরকার

দীর্ঘদিন ধরে প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে হাওড়া পুরসভা। কলকাতা পুরসভাতেও নির্বাচনের অপেক্ষা দীর্ঘ হয়েছে। ফলে এই দুই পুরসভাকে ঘিরেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন ও রাজ্য প্রশাসন। সূত্রের খবর, দুর্গাপুজো শেষ হলেই রাজ্যের সম্মতি সাপেক্ষে পুরভোটের নির্ঘণ্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।