কার্তিক মহারাজের পর এবার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। বর্ষীয়ান অভিনেতা তথা দলের তারকা প্রচারক মিঠুনকে সরাসরি ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা দিয়ে তথ্য ও সংস্কৃতি দফতরের পরামর্শদাতা হিসেবে নিয়োগ করল রাজ্যের বিজেপি সরকার (BJP State Government)।
আরও পড়ুন: ‘এত বড় আর্থিক বোঝা হবে বুঝিনি’, লাডলি বহনা নিয়ে কেন বললেন মোহন যাদব
রাজ্য সরকারের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, অবিলম্বে এই নিয়োগ কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই হাই-প্রোফাইল পদে বহাল থাকবেন মিঠুন। এর আগে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তাঁকে রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা করার কথা ঘোষণা করেছিলেন, আর মঙ্গলবার সেই ঘোষণাতেই সরকারি সিলমোহর পড়ল।
ইতিমধ্যেই ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF) মুখ্য উপদেষ্টার দায়িত্ব মিঠুন চক্রবর্তীকে দেওয়া হয়েছে। এবার রাজ্যের সামগ্রিক সাংস্কৃতিক কর্মকাণ্ড, চলচ্চিত্র ও সংস্কৃতি সংক্রান্ত বিষয়েও সরকারের 'পরামর্শদাতা' হিসেবে ক্ষমতা দেওয়া হল তাঁকে। ভোটের ময়দানে বিজেপির হয়ে গলা ফাটানোর স্বীকৃতি হিসেবেই কার্যত তাঁকে এই উপহার দেওয়া হল মত রাজনৈতিক মহলের। রাজ্যের হাজার হাজার যোগ্য, নিরপেক্ষ ও স্বনামধন্য শিল্পীদের ব্রাত্য রেখে, কেবল দলীয় রাজনীতির রং দেখে ক্যাবিনেট মন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদ দেওয়া হল কেন? প্রশ্ন বিরোধীদের।















