মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজধানীতে ‘ইন্ডিয়া’ শিবিরের সংসদীয় বিক্ষোভ যখন চরম আকার নিয়েছে এবং তাতে সক্রিয় ভূমিকা নিচ্ছে তৃণমূল কংগ্রেস, ঠিক তখনই কলকাতায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছল পুলিশ। বুধবার সন্ধ্যায় ক্যামাক স্ট্রিটের একটি ঘটনার প্রেক্ষিতে নোটিস দিতে শেক্সপিয়র সরণি থানার পুলিশ আধিকারিকরা কালীঘাটে অভিষেকের ‘শান্তিনিকেতন’ বাসভবনে যান। তবে তৃণমূল সাংসদ বাড়ি না থাকায় এবং পরিবারের তরফে কেউ তা গ্রহণ না করায় শেষ পর্যন্ত পুলিশকে খালি হাতেই ফিরে যেতে হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্যামাক স্ট্রিটের একটি সাম্প্রতিক ঘটনার তদন্তের সূত্র ধরেই এ দিন সন্ধ্যায় শেক্সপিয়র সরণি থানার আধিকারিকরা নোটিশ দিতে অভিষেকের কালীঘাটের বাড়িতে পৌঁছান। সাংসদ উপস্থিত না থাকায় নোটিশটি পরিবারের কাউকে দেওয়া সম্ভব হয়নি। 

একই দিনে কেবল অভিষেক বন্দ্যোপাধ্যায়ই নন, আরও এক বিরোধী নেতা তথা প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরের বাড়িতেও নোটিশ নিয়ে পৌঁছায় পুলিশ। তবে সেখানেও দরজা বন্ধ থাকায় কারও হাতে নোটিশ তুলে দেওয়া সম্ভব হয়নি বলে জানা গিয়েছে। জাতীয় রাজনীতির সংঘাতের উত্তাপ যখন তুঙ্গে, তখন শহরে পুলিশের এই তৎপরতা ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিরোধীদের দাবি, আন্দোলনের ঝাঁঝ কমাতেই এমন পদক্ষেপ করা হচ্ছে।