হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন টলিউডের বর্ষীয়ান অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায়। শনিবার সকালে নিজের বাড়িতে আচমকা বুকে ব্যথা অনুভব করেন তিনি। তড়িঘড়ি তাঁকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে অভিনেতাকে কলকাতার এক নামী বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অভিনেতার মেয়ে মধুবন্তী মুখোপাধ্যায় জানালেন, "আজকে অ্যাঞ্জিওগ্রাম করে দেখা হবে, পরিস্থিতি কী। তারপর সেই অনুযায়ী চিকিত্সা করা হবে। এমনিতে বাবা কথাবার্তা বলছেন।"
আরও পড়ুন: অকারণ দেরিতে বড় জরিমানার হুঁশিয়ারি! হকার উচ্ছেদ মামলায় আর কী জানাল হাই কোর্ট
মঞ্চ এবং পর্দার এই দাপুটে অভিনেতার অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগের ছায়া নেমে এসেছে টলিপাড়ায়। ছোটপর্দার অভিনেতা শুভ্রজিত জানিয়েছেন, "মণ্টুকাকা (সুমন্ত মুখোপাধ্যায়) আমার পিতৃসম। সদ্য বাবাকে হারিয়েছি। এখন ওঁর অসুস্থতার খবর পেয়ে মনটা খুব খারাপ।" প্রসঙ্গত, প্রয়াত খ্যাতনামী অভিনেতা সন্তু মুখোপাধ্যায়ের ভাই এবং জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের জ্যাঠামশাই হলেন ৭৮ বছর বয়সী সুমন্ত মুখোপাধ্যায়। ১৯৮৬ সালে পরিচালক তপন সিংহের কালজয়ী ছবি 'আতঙ্ক'-এ খলনায়ক 'মিহির সামন্ত' চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। ওই ছবিতে তাঁর মুখে বলা সংলাপ, "মাস্টারমশাই, আপনি কিন্তু কিছুই দেখেননি"— আজও বাঙালির স্মৃতিতে সমান জনপ্রিয় ও প্রাসঙ্গিক।
আরও পড়ুন: বারুইপুরে নাবালিকা ধর্ষণ-খুনে ঘটনার পুনর্নির্মাণে সিট-সহ ফরেন্সিক টিম
দীর্ঘ কয়েক দশকের অভিনয় জীবনে ছোট পর্দা, বড় পর্দা এবং মঞ্চে সমান দাপটের সঙ্গে কাজ করেছেন সুমন্ত মুখোপাধ্যায়। তপন সিংহের পাশাপাশি পরিচালক ঋতুপর্ণ ঘোষের 'হিরের আংটি', 'শুভ মহরৎ' ও 'আবহমান' ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। এছাড়াও 'নাগপাশ', 'দুর্গাসহায়' কিংবা সাম্প্রতিক 'ফেলুবক্সী' ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। শুধু সিনেমা নয়, মেগা সিরিয়ালের জগতেও তিনি অত্যন্ত পরিচিত মুখ। 'জন্মভূমি', 'জননী', 'আলো ছায়া', ফেলনা', 'রামপ্রসাদ' ও 'কথা'-র মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছে। বর্তমানে প্রবীণ এই অভিনেতার দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছেন তাঁর সহকর্মী ও অনুরাগীরা।
















