ভয়ঙ্করকাণ্ড বিজেপি শাসিত বাংলায়! সরকারি হাসপাতালে গলব্লাডার স্টোনের বদলে অপারেশন হল অ্যাপেন্ডিক্স। পরীক্ষা নিরীক্ষার পরও এত বড় ভুল হল কীভাবে? তা নিয়ে প্রশ্ন তুলেছেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। 

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বার্তার পরই অ্যাকশন! যাদবপুরে সাদা রঙে ঢাকা একাধিক দেওয়াল লিখন

রোগীর নাম গোপাল পোড়েল (৪৭)। বেলেঘাটার ৩৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ১০০ দিনের কাজ করেন। তিনি গলব্লাডার স্টোনের জন্যে কষ্ট পাচ্ছিলেন। এরপর সরকারি হাসপাতাল এনআরএস যান। সেখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হয়। তারপর ডাক্তার গলব্লাডার স্টোনের বদলে অ্যাপেন্ডিক্স অপারেশন করেন। তারপর তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলে বাড়িতে গিয়েও কোনও ভাবে তাঁর শারীরিক কষ্ট লাঘব হয়নি। আরও নানা রকম কষ্ট তিনি পাচ্ছিলেন। এরপর পর যোগাযোগ করেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের সঙ্গে। 

তারপর তাঁকে সল্টলেকের আনন্দলোক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দেখা যায় তাঁর গলব্লাডার স্টোন যেমন ছিল তেমনই রয়েছে। তার বদলে অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে এনআরএস হাসপাতালে। আনন্দলোকে আগামী কাল তাঁর আবার অপারেশন। 

রবিবার তাঁকে হাসপাতাল থেকে দেখে বেরিয়ে সমস্ত ঘটনার কথা জানান বেলেঘাটার বিধায়ক। তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের কাছে আবেদন জানান, তিনি গরিব মানুষ তাই বিনাপয়সায় চিকিৎসার জন্যে সরকারি হাসপাতালে গিয়েছিলেন। তার বদলে ওনার আরও ক্ষতি হয়ে গিয়েছে। সেই কারণে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে যেন গোপাল পোড়েলকে চিকিৎসার খরচ এবং অপারেশনের পরে উনি বেশ কিছুদিন কাজও করতে পারবেন না তাই যেন আনুষাঙ্গিক কিছু খরচ দিয়ে সাহায্য করা হয়। 

আরও পড়ুন: জলপথে পর্যটনের নতুন ধাপ, বাবুঘাট - মায়াপুর রুটে দেশের প্রথম ব্যাটারি চালিত ফেরি চালুর ভাবনা

কুণাল আরও জানান,বিষয়টি আমাদের কাছে আসার পর মূল উদ্দেশ্য তাঁকে সুস্থ করে তোলা। যে যে ডাক্তার এই ভয়ঙ্করকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। গোপাল পোড়েলের জন্যে আর্থিক ক্ষতিপূরণ চাই, কাজের নিরাপত্তা চাই।"