দলের নেতাদের একহাত নিলেন সিপিএমের একমাত্র বিধায়ক মোস্তাফিজুর রহমান রানা। সিপিএমের বিপ্লবীদের ভোটে হারা নিয়ে নিশানা করলেন তিনি। 

শুক্রবার ডোমকলের সিপিএম বিধায়ক রানা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'বেশি জ্ঞান না দিয়ে নিজের নিজের বুথগুলো দেখেন বিপ্লবী কমরেডরা। নিজেদের বুথে যে আপনি সিপিআইএম, এটা মানুষ জানে তো? তারপর সমালোচনা করবেন। আর আমি এবার ভোটে আমার গ্রামে ৩৫০ ভোট লিড দিয়েছি। একদম স্বাভাবিক ভোট হয়েছে।"

আরও পড়ুন: বাংলার পর্যটনের বিজ্ঞাপনে প্যারিসের আইফেল টাওয়ার- মিশরের পিরামিড! নেই পশ্চিমবঙ্গ, ক্ষুব্ধ নেটিজেনরা

রানার এই পোস্ট নিয়ে দলের অনেকের বক্তব্য, দিন কয়েক আগে দাদাগিরি রিয়ালিটি শোয়ে গিয়েছিলেন রানা। এই গেম শোয়ে একইসঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, মদন মিত্র, আইএসএফের নওশাদ সিদ্দিকি এবং শাসকদল বিজেপির দুই বিধায়ক সজল ঘোষ এবং কৌস্তভ বাগচী। কেন রানা ওই মঞ্চে গেলেন, দল অনুমতি দিয়েছিল কিনা এই ধরনের বিবিধ নীতিপুলিশির প্রশ্ন তুলেছিলেন সিপিএমের ফেসবুক ফ্রন্টের রথীমহারথীরা। মনে করা হচ্ছে রানা তাঁদেরকেই বিঁধেছেন। 

আরও পড়ুন: বচসা-হাতাহাতি! মন্দারমণিতে পার্কিং নিয়ে পর্যটকদের বেধড়ক মার হোটেলের কর্মীদের

এই মুহূর্তে রাজ্যে বামেদের একমাত্র বিধায়কের তোপে অস্বস্তিতে সিপিএম। রানা এখন শুধু বিধায়কই নন। শূন্যের তকমা মুছে একের ঘরে পা দেওয়ায়  দলের রাজ্য কমিটিরও সদস্যও করা হয়েছে তাঁকে। তবে পরবর্তীতে  রানার বিরুদ্ধে দল কোনও কড়া পদক্ষেপ নেয় কিনা সেটাই দেখার।