বাঙালির ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ। এবার স্বঘোষিত ধর্মগুরু ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী ওরফে বাগেশ্বর বাবার (bageshwar baba) বিরুদ্ধে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের হল। 

আরও পড়ুন: CID-এর তলব, ভবানী ভবনে গেলেন না পরেশরাম

মঙ্গলবার যুব কংগ্রেসের তরফে ভবানীপুর থানায় (Bhowanipur Police Station) এফআইআর দায়ের করা হয়েছে। বাগেশ্বরের গ্রেফতারি চায় কংগ্রেস। সম্প্রতি হাওড়ায় এক ধর্মসভায় গিয়েছিলেন বাগেশ্বর। সেখানে গিয়ে তিনি দাবি করেন, বাঙালিরা 'পাখণ্ডী' অর্থাৎ ভণ্ড। দুর্গাপুজোয় তাঁদের খাওয়া-দাওয়া মানেই 'গন্দে গন্দে ভোজন'! 

এফআইআরের কপিতে বাগেশ্বর বাবার (bageshwar baba) 'পাখণ্ডী', 'গন্দা গন্দা কুকিং'-এর মতো শব্দপ্রয়োগের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এদিন ভবানীপুর থানার সামনে কংগ্রেস কর্মী, সমর্থকরা জমায়েত হয়ে বিক্ষোভ দেখান।

এফআইআরে কংগ্রেসের প্রদেশ কংগ্রেস নেতারা উল্লেখ করেছেন, উনি বাংলায় এসে বাঙালিকেই শেখাতে চাইছেন, কীভাবে দুর্গাপুজো করা হবে। কোন কাজ উচিত, কোনটা অনুচিত, তাও চাপিয়ে দিতে চাইছেন। এটা বাংলা ও বাঙালির সংস্কারের পক্ষে অত্যন্ত অবমাননাকর। এই অভিযোগও তোলা হয়েছে, উনি যে আমিষভোজী বাঙালিকে ভণ্ড বলছেন, উনি নিজেই এক ভণ্ড সাধু। তাই তাঁর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে কংগ্রেস নেতৃত্বের দাবি, দ্রুত যথাযথ পদক্ষেপ করুক পুলিশ। 

আরও পড়ুন: প্রশ্নফাঁস থেকে পরীক্ষায় অনিয়ম- নিয়োগ-দুর্নীতিতে এবার সরগরম পুনে, পরীক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

শুধু দক্ষিণ কলকাতাই নয়, রাজ্যের একাধিক জায়গায় কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ দায়ের হবে বলে জানানো হয়েছে। কংগ্রেসের দাবি, এই গোটা ঘটনায় বাঙালি কমিউনিটির ভাবাবেগে আঘাত করা হয়েছে।