নেপালের (Nepal) হড়পা বানের ছবি গোটা বিশ্বে মানুষের হাতে হাতে ঘুরছে। হাজারের উপর মানুষ মৃত। তার মধ্যে ফের হড়পা বানের (Flash Flood) কবলে আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়ন (Grand Canyon)। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভয়াবহ এই ঘটনায় নিখোঁজ ২০।
স্থানীয় সময় শনিবার দুপুর ২টো ৩০ নাগাদ আচমকা হড়পা বানে মুহূর্তের মধ্যে বদলে যায় ক্যানিয়নের একাংশের রূপ। প্রবল জলের স্রোতের সঙ্গে ভেসে গেল বিশাল পাথর, সেতু ও গুরুত্বপূর্ণ পথ।
আরও পড়ুন: নেপাল বিপর্যয়ে মৃত্যুর মুখ থেকে ফেরা: রক্ষা ১৬৪৩ পড়ুয়ার, উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধাও
আমেরিকার অ্যারিজোনায় অবস্থিত গ্র্যান্ড ক্যানিয়ন (Grand Canyon) জাতীয় উদ্যানের ব্রাইট অ্যাঞ্জেল গিরিখাত এবং ফ্যান্টম র্যাঞ্চ এলাকায় হড়পা বান নামে। জাতীয় উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবল স্রোতে ব্রাইট অ্যাঞ্জেল খালের উপর থাকা একাধিক ব্রিজ ভেসে গিয়েছে। জলের তোড়ে বিশাল পাথর, ধাতব কাঠামো এবং অন্যান্য ধ্বংসাবশেষ কলোরাডো নদীতে গিয়ে পড়েছে।
বন্যার জেরে এলাকার ভূপ্রকৃতিতেও বড় ধরনের পরিবর্তন হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এবং ক্ষতিগ্রস্ত এলাকায় থাকা মানুষদের নিরাপদে সরিয়ে আনতে অ্যারিজোনা কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। ওই এলাকায় থাকা কোনও পর্বতারোহী বা পর্যটক এবং নিখোঁজ ব্যক্তিদের সম্পর্কে তথ্য থাকলে প্রশাসনকে জানানোর জন্য সাধারণ মানুষের কাছেও আবেদন জানানো হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, মাত্র ৩০ মিনিটের মধ্যে এলাকায় প্রায় এক ইঞ্চি বৃষ্টি হয়। গ্র্যান্ড ক্যানিয়নের পাথুরে ও খাড়া ভূপ্রকৃতির কারণে সেই বৃষ্টির জল মাটিতে শোষিত হওয়ার সুযোগ না পেয়েই দ্রুত নীচের দিকে নেমে আসে। অল্প সময়ের মধ্যেই সেই জল ভয়ঙ্কর স্রোতে পরিণত হয়।
আরও পড়ুন: মর্গের চাপ সামলাতে নেপালে এবার মৃতদেহের জিওট্যাগিং করার ভাবনা!
শনিবার বিকেলে বৃষ্টি শুরু হওয়ার পর হঠাৎ জলস্তর বাড়তে দেখা যায়। তখন সেখানে প্রায় ৫০ জনের বেশি পর্যটক ছিলেন। পরে তাঁদের হেলিকপ্টারে করে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়। রবিবার সকাল পর্যন্ত উদ্ধারকারীরা ৬২ জনকে হেলিকপ্টারে করে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়েছে।
















