রবিবারের দুপুরে আচমকা বিশ্বজুড়ে আংশিকভাবে বিপর্যস্ত ফেসবুক (Facebook)পরিষেবা। এই প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা দুপুর ১টা থেকে সমস্যা লক্ষ্য করেন, বিশেষ করে যাঁরা ডেস্কটপে কাজ করছিলেন তাঁরা ফেসবুক ব্যবহার করতে পারছিলেন না। মোবাইলে অবশ্য এই পরিষেবা সচল ছিল। শুধু ভারত নয় গোটা বিশ্বেই এই বিভ্রাট লক্ষ্য করা যায়। এক লক্ষেরও বেশি ইউজার ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে (X)ফেসবুক বিকল হয়ে যাওয়ার অভিযোগ জানিয়েছেন। দ্রুত বিষয়টি নিয়ে মেটার (META)দৃষ্টি আকর্ষণ করা হয়।  

ইউজাররা জানিয়েছেন তথ্য আদানপ্রদান, পোস্ট করতে গেলে সমস্যা হচ্ছে। ডেস্কটপ বা কম্পিউটার থেকে ফেসবুক খুললেই দেখা যাচ্ছে 'অ্যাকাউন্ট সাময়িকভাবে উপলব্ধ নয়।' যাঁদের ফেসবুক অ্যাপ রয়েছে মোবাইলে তাঁদের তরফ থেকে এখনও অভিযোগ আসেনি। প্রায় ১ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও মেটার তরফ থেকে অফিসিয়াল কিছু জানানো হয়নি। ফলে কী কারণে সমস্যা বা কতক্ষণে সমাধান হবে তা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।