দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু (Jawaharlal Nehru)। তাঁর মূর্তি ভাঙা হল দুর্গাপুরে (Durgapur)। ডিএসপি টাউনশিপের হর্ষবর্ধন প্রাথমিক স্কুল লাগোয়া এলাকায় নেহেরুর মূর্তিটি ছিল। অভিযোগ, ক্রেন দিয়ে মূর্তিটি তুলে স্কুলের পাশের জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে। পুলিশের উদ্দেশে কংগ্রেসের হুঁশিয়ারি, ২৪ ঘণ্টার মধ্যে সেই মূর্তি স্বস্থানে প্রতিস্থাপিত করতে হবে, অন্যথায় কংগ্রেস বড় আন্দোলনে নামবে।

আরও পড়ুন: রেশনের মান নিয়ে আপস নয়, ‘উপঢৌকন’-এও নিষেধাজ্ঞা খাদ্যমন্ত্রীর

রবিবার সকালে নেহরুর (Jawaharlal Nehru) মূর্তিটি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে স্কুলের কাছের একটি জঙ্গলে। এর পরেই প্রতিবাদে প্রথমে স্কুল চত্বরে ও পরে দুর্গাপুর থানায় বিক্ষোভ প্রদর্শন করে স্মারকলিপি জমা দেন কংগ্রেস কর্মীরা। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে বিজেপির বিরুদ্ধে। দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। গ্রেফতার না করা হলে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেস কর্মীরা।

দেশের প্রথম প্রধানমন্ত্রীকে কেন এমন অবমাননা? কেন মূর্তি এভাবে নষ্ট করা হল? দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, "কংগ্রেসের দুটো গোষ্ঠী রয়েছে। একটা গোষ্ঠী চোরাভাবে তৃণমূলে যোগ দিয়েছে। আর তৃণমূলীরাই জওহরলাল নেহরুর মূর্তি ফেলে দিয়েছে। প্রতিবাদ বিক্ষোভ করে বিজেপির ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে কংগ্রেস।" 

আরও পড়ুন: ফের বিতর্কে নিট! পরীক্ষার মধ্যে ২০ বার কম্পিউটার বন্ধের অভিযোগে উত্তাল জয়পুর

কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তীর (Debesh Chakraborty) দাবি, "নেহরুর মূর্তিটিকে ক্রেন দিয়ে উপড়ে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে। সেখানে রাখিবন্ধনের অনুষ্ঠান উদযাপিত হয়েছে। আর সেই অনুষ্ঠানে দুর্গাপুর পূর্বের বিধায়কও ছিলেন। নেহরুর এই অপমান আমরা কোনও ভাবেই মেনে নেব না। পুলিশকে ২৪ ঘণ্টা সময় দিচ্ছি। নাহলে আমরা বড়সড় আন্দোলনে নামব।"