রেশন ব্যবস্থায় (Rationing system) স্বচ্ছতা বজায় রাখতে ডিলারদের আরও সতর্ক হওয়ার বার্তা দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া (Food Minister Ashok Kirtaniya)। গ্রাহকদের প্রাপ্য খাদ্যসামগ্রীর মান নিয়ে কোনও অভিযোগ উঠলে তার দায় এড়ানো যাবে না বলেও স্পষ্ট করে দিয়েছেন তিনি। পাশাপাশি সরকারি আধিকারিকদের সঙ্গে লেনদেনের ক্ষেত্রেও ডিলারদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী।

বনগাঁর নীলদর্পণ প্রেক্ষাগৃহে (Nildarpan Auditorium in Bongaon) রবিবার রেশন ডিলারদের (Ration Dealer) একটি অনুষ্ঠানে যোগ দেন অশোক কীর্তনীয়া। বনগাঁ, হাবরা ও গোবরডাঙা থানা এলাকার রেশন ডিলারদের তরফে সেখানে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। মঞ্চ থেকেই রেশন ব্যবস্থার সঙ্গে যুক্ত ডিলারদের সরকারের ভাবমূর্তি রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের বার্তা দেন তিনি। 

রেশন দোকানে পৌঁছনো খাদ্যসামগ্রীর মান নিয়েও কার্যত ‘জিরো টলারেন্স’-এর অবস্থান স্পষ্ট করেন খাদ্যমন্ত্রী। কোনও ডিলারের কাছে পোকা ধরা বা নিম্নমানের চাল-গম পৌঁছলে তা গ্রাহকদের মধ্যে বিলি করা যাবে না। এমন পরিস্থিতিতে দরকার হলে সেইদিন রেশন দেওয়া বন্ধ রাখতে হবে। এবং যে গোডাউন থেকে এসেছে, সেখানেই ফেরত পাঠাতে হবে। মানুষের হাতে মানসম্মত রেশন পৌঁছে দেওয়ার দায়িত্ব ডিলারদেরই পালন করতে হবে বলে এদিন স্পষ্ট বার্তা দেন তিনি।

অন্যদিকে, সরকারি আধিকারিকদের উপঢৌকন দেওয়া নিয়ে এদিন বিশেষ ভাবে সতর্ক করেন মন্ত্রী। তাঁর বক্তব্য, কোনও সরকারি আধিকারিককে খুশি করার জন্য উপহার বা উপঢৌকন দেওয়ার রীতি রাখা যাবে না। এই ধরনের লেনদেনকে কেন্দ্র করে কোনও ডিলার দুর্নীতির অভিযোগে জড়িয়ে পড়লে তার দায় সংশ্লিষ্ট ব্যক্তিকেই নিতে হবে। প্রশাসনিক স্তরে স্বচ্ছতা বজায় রাখার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তার সঙ্গে রেশন ব্যবস্থাকেও সামঞ্জস্য রেখে চলার বার্তা দেন তিনি।