বউয়ের কামড় থেকে বাঁচতে দাওয়াই হিসেবে SSKM-এর প্রেসক্রিপশনে লেখা— ‘স্ত্রীর থেকে দূরত্ব বজায় রাখুন’(Keep Distance From Wife)! এই রকম আজব প্রেসক্রিপশন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে গেছে কলকাতার এসএসকেএম (SSKM) সুপার স্পেশালিটি হাসপাতালে ঘিরে। ঘটনাটি নিছক রসিকতা নাকি হাসপাতালের ভাবমূর্তি নষ্ট করার চক্রান্ত, তা নিয়ে তোলপাড় চিকিৎসক মহল। কে বা কারা এই ভুয়ো প্রেসক্রিপশন ছড়াল জানতে সাইবার তদন্তের দাবি জানিয়ে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
গত মঙ্গলবার হঠাৎই এ প্রেসক্রিপশনের ছবি হু হু করে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। আর তা দেখেই চোখ কপালে ওঠে নেটিজেনদের। শুক্রবারের প্রেসক্রিপশনে রোগের জায়গায় লেখা, Wife Bite, Last Night। আর চিকিৎসকের পরামর্শের জায়গায় লেখা, Keep Distance From Wife। এরপর কয়েকটি ওষুধের নামও লেখা রয়েছে প্রেসক্রিপশনে।
সোশ্যাল মিডিয়ায় এই কান্ড ভাইরাল হতেই নড়েচড়ে বসে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ। খতিয়ে দেখা হয় গত শুক্রবারের ওপিডি-র সমস্ত এন্ট্রি ও নথি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, হাসপাতালের খাতায় ওই ধরনের কোনও রোগী বা প্রেসক্রিপশনের কোনও অস্তিত্বই মেলেনি! এর পরেই প্রশ্ন ওঠে— তবে কি কেউ হাসপাতালের টিকিট জাল করে এই প্র্যাঙ্কটি করেছে? বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
















