চেন্নাইয়ে দুর্ঘটনার কবলে সঙ্গীতশিল্পী এ আর রহমানের ছেলে এ আর আমিন। সোমবার ভোরবেলা গিন্ডির কাছে আমিনের পোর্শের সঙ্গে একটি র্যাপিডো ওয়াগন-আর-এর মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানা গিয়েছে। ঘটনার সময় গাড়িতে আমিনের সঙ্গে তাঁর এক বন্ধু ছিলেন। স্থানীয়রা দু'জনকেই দ্রুত হাসপাতালে নিয়ে যান তবে আঘাত বেশি না থাকায় প্রাথমিক চিকিৎসার পর তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
আরও পড়ুন: চার FIR বাতিলের আর্জি! ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ সুমিত
পুলিশ সূত্রে খবর, সোমবার ভোর সাড়ে ৩টে নাগাদ অলিম্পিয়া টেক পার্ক সিগন্যাল পার করে আমিন এক বন্ধুকে সঙ্গে নিয়ে গিন্ডির দিকে যাচ্ছিলেন। হঠাৎ পাশের রাস্তা থেকে একটি ওয়াগন-আর রাস্তায় উঠে এলে আমিনের পোর্শে গাড়িটির সঙ্গে ওয়াগন-আরটির ধাক্কা লাগে। ধাক্কার মাত্রা এতটাই জোরে ছিল যে দু’টি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়। ওয়াগন-আর গাড়িটির চালক আহত হলে তাঁকে চিকিৎসার জন্য কালাইনার সেন্টেনারি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আদিয়ার ট্রাফিক ইনভেস্টিগেশন উইংয়ের পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়। দু’টি গাড়িই বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটল এবং দুটি গাড়ির মধ্যে ঠিক কীভাবে সংঘর্ষ হল, সেটা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আমিন নিজেও সঙ্গীতজগতের বিশিষ্ট ব্যক্তিত্ব। বিভিন্ন ভাষার ছবিতে তিনি প্লেব্যাক করেছেন। তবে এই প্রথম নয়, এর আগেও দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন তিনি। প্রসঙ্গত, ২০২৩ সালে মুম্বইয়ের ফিল্ম সিটিতে শুটিং চলাকালীন সেটের একটি ট্রাস এবং ঝাড়বাতি ভেঙে পড়ে। যদিও সেই ঘটনায় অল্পের জন্য আমিন রক্ষা পেয়েছিলেন।
















