ফের আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়! মঙ্গলবার কলকাতা হাই কোর্টে নিজের বিরুদ্ধে দায়ের সব FIR ও CID নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করেছেন। সংবিধানের ২২৬ অনুচ্ছেদে রিট পিটিশন অনুযায়ী মামলা দায়ের করেছেন তিনি। মামলাটি শুনানির জন্য গ্রহণের অনুমতি দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। মঙ্গলবার শুনানির সম্ভাবনা রয়েছে।
সুমিতের অভিযোগ, তাঁর বিরুদ্ধে দায়ের মামলাগুলি ‘সমন্বিত ও রাজনৈতিক ভাবে উদ্দেশ্যপ্রণোদিত’। রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর তাঁকে নিশানা করতেই তদন্তকারী সংস্থাগুলি স্বেচ্ছাচারী ভাবে পদক্ষেপ করছে বলেও আবেদনে দাবি করা হয়েছে। আদালতে দায়ের করা আবেদনে মূলত ৪টি এফআইআর-কে চ্যালেঞ্জ করা হয়েছে। সেগুলি হল—
কালীতলা আউট পোস্টের কেস নম্বর ১৪০/২০২৬
বিষ্ণুপুর থানার কেস নম্বর ৭৫৩/২০২৬
রবীন্দ্রনগর থানার কেস নম্বর ২১৩/২০২৬
বিষ্ণুপুর থানার কেস নম্বর ৮৮৪/২০২৬
পাশাপাশি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS)-র ৯৪ ধারায় জারি হওয়া নোটিশগুলিও খারিজের আবেদন জানিয়েছেন সুমিত।
আরও পড়ুন: সৌদি আরবে কারখানায় আগুন, মৃত ১৬ বাংলাদেশি শ্রমিক
তাঁর আইনজীবীদের দাবি, FIR-গুলিতে নির্দিষ্ট অপরাধের স্পষ্ট উল্লেখ নেই। পুরো অভিযোগপত্রটিই 'অস্পষ্ট, ভিত্তিহীন এবং অন্তর্নিহিত ভাবে ত্রুটিপূর্ণ' বলে দাবি। তাই চারটি এফআইআর বাতিলের পাশাপাশি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনও জবরদস্তিমূলক পদক্ষেপ না করার নির্দেশ চেয়েছেন সুমিত।
















