সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় বিধ্বংসী আগুন! শেষ পাওয়া খবর অনুযায়ী এদিনের অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার রিয়াধের ওই কারখানায় আগুন লাগে। বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রক সূত্রে খবর মৃতদের বেশিরভাগ বাংলাদেশের নওগাঁ ও নাটোর জেলার বাসিন্দা। বাংলাদেশের সময় অনুযায়ী দুপুর সাড়ে ৩টে নাগাদ রিয়াধের খোরদাম শহরের ওই সোফা কারখানায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে গোটা কারখানা আগুনের গ্রাসে চলে যায়। কারখানায় শ্রমিকদের মধ্যে বেশ কয়েকজন আগুনে গুরুতরভাবে দগ্ধ হন এবং পরে তাঁদের মৃত্যু হয়।

এদিনের এই ঘটনার পর শোকপ্রকাশ করেছেন বাংলাদেশের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানান তিনি। নিহতদের দেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। মৃতদের পরিবারের জন্য সরকারি সহায়তা ও ক্ষতিপূরণের ব্যবস্থাও করা হবে। জানা যাচ্ছে, মৃতদের মধ্যে ১০ জন নওগাঁ জেলার আত্রাই উপজেলার বাসিন্দা। তাঁদের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। মহম্মদ কলি, জান্ডার, রুবেল, লুৎফর, সুমন, সাগর, মাজিদুল, শুভ, জালাল এবং মহম্মদ ফরিদ শেখের দেহ শনাক্ত করা গিয়েছে। তাঁরা সকলেই আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামে থাকতেন। কলিকাপুর ইউনিয়নের বাসিন্দা ছিলেন মহম্মদ কলি, লুৎফর, জান্ডার ও রুবেল। সাগর ও মাজিদুল বিশা ইউনিয়নের বাসিন্দা। শুভ ও সুমন দুবাই এলাকার বাসিন্দা, পারকাসুন্দা গ্রামে থাকতেন জালাল এবং উদনপাই গ্রামে বসবাস করতেন মোহাম্মদ ফরিদ শেখ।