মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকায় তৃণমূল বিধায়ককে মারধর। অভিযুক্তের তীর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গাড়ি আটকে হামলার অভিযোগ! হামলার জেরে বিধায়কের বাঁ চোখে আঘাত লেগেছে। 

শনিবার জয়নগর থানা এলাকায় বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দারের উপরে হামলার ঘটনা ঘটে। জয়নগর থানার মনসাতলা ও গৌরবেড়িয়া হাট এলাকায় রাস্তায় গাড়ি আটকে ইট ও লাঠি দিয়ে মারধর করা হয়।  

শনিবার নিজের কার্যালয়ে গিয়েছিলেন বিধায়ক। সেখান থেকে ফেরার পথে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা মনসাতলা এলাকায় কয়েকজন তাঁর গাড়ি আটকান বলে অভিযোগ। বিধায়ককে প্রথমে গাড়ি থেকে নামতে বলা হয়। এরপর ইট বর্ষণ করা হয়। কোনওরকমে সেখান থেকে বেরিয়ে আসেন তিনি। গৌরবেড়িয়া হাট এলাকায় ফের বিধায়কের গাড়ি আটকানো হয়। সেখানে তাঁকে গালিগালাজ করার পাশাপাশি ইট দিয়ে মাথায় আঘাত করা হয়। লাঠি দিয়েও মারধর করা হয়। বিধায়কের জানান, কেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করেন, কেন এই আসনে জয়ী হয়েছেন— সেই প্রশ্ন তুলেই তাঁর উপরে হামলা চালানো হয়। বিধায়কের আঘাত গুরুতর। আক্রান্ত হয়েছেন তাঁর নিরাপত্তারক্ষী এবং গাড়ির চালকও।