হিমালয়ের দেশে হড়পা বান (Flash Flood) দুর্যোগের পর কেটে গেছে প্রায় ১০ দিন, এখনও নেপাল জুড়ে শুধুই হাহাকার। মৃতের সংখ্যা ১৩০০ ছাড়িয়েছে, নিখোঁজ প্রায় পাঁচ হাজার! কাদা মাটির ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হচ্ছে একের পর এক নিথর দেহ। ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার জানিয়েছেন, এখনও পর্যন্ত নেপালে (Nepal) ১৬৬ জন ভারতীয়কে উদ্ধার করা গিয়েছে। চিনের সরকারী সূত্র বলছে, তিব্বত অঞ্চলে কোনও ভারতীয় পর্যটক আটকে নেই। এখনও পর্যন্ত মোট ৯৫ টন ত্রাণ নেপালে পাঠিয়েছে নয়া দিল্লি। 

নেপালের দুর্যোগে প্রথম থেকেই পাশে দাঁড়িয়েছে ভারত। ত্রাণ থেকে শুরু করে উদ্ধারকারী দল, বিশেষজ্ঞ টিম, ফরেন্সিক কিট সবকিছুই নিয়মিত সে দেশে পাঠানো হচ্ছে।উদ্ধারকাজে সহায়তার জন্য যে ৫৪ জন ভারতীয় কর্মীকেও পাঠানো হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন সুড়ঙ্গ উদ্ধারে বিশেষজ্ঞ ৩০ জন, ফরেন্সিক বিশেষজ্ঞ ১৯ এবং এবং ৫ চিকিৎসকের একটি বিশেষ টিম। বিদেশমন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, এখনও পর্যন্ত অন্তত ২৭৫ জন ভারতীয় নিখোঁজ। নেপাল সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। খোঁজ মেলেনি বাংলার ৩২ জনেরও।

যত সময় গড়াচ্ছে ততই বাড়তে থাকা মৃতের সংখ্যা বুঝিয়ে দিচ্ছে নেপালের প্রাকৃতিক বিপর্যয়ে ভয়াবহতার পরিমাণ ঠিক কতটা। বিপর্যস্ত এলাকা থেকে এখনও পর্যন্ত মোট ১৩ হাজার ৯৩ জনকে উদ্ধার করা হয়েছে। সুড়ঙ্গ থেকে জীবিত অবস্থায় যে দুজনকে উদ্ধার করা হয়েছে তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। রসুয়ায় আনুমানিক ২৮০ জন শিশু নিখোঁজ, নুয়াকোটে এই সংখ্যাটা সাড়ে তিনশোর বেশি।