হাতে আর মাত্র একদিন, তারপরই শনি ও রবিবার (১২ ও ১৩ সেপ্টেম্বর) ভারতের মাটিতে আন্তর্জাতিক স্তরে অন্যতম বড় সম্মেলন। সপ্তাহান্তে দিল্লির ভারত মন্ডপমে (Bharat Mandapam) আয়োজিত ব্রিকস (BRICS) সম্মেলনে অংশ নিতে চলেছেন রাশিয়া, চিন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইন্দোনেশিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিনিধিরা। বিশ্বের কূটনৈতিক মহলের কাছে এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেইমতো ত্রুটিহীন ব্যবস্থাপনার দিকে লক্ষ্য রাখা হচ্ছে। তবে ব্রিকস সম্মেলন উপলক্ষে আগামী দুদিন রাজধানীর বুকে কোন কোন বিশেষ মেনুর স্বাদে মজে যাবেন বিশ্বের নামি ব্যক্তিত্বরা তা ঘিরে আগ্রহ রয়েছে। সূত্রের খবর কাশ্মীরের আখরোট থেকে তামিলনাড়ুর মুরুক্কু খাদ্য তালিকায়। পশ্চিমবঙ্গের মুখরোচক একটি পদ -সহ দেশের সব প্রান্তের বিখ্যাত খাবারের স্বাদ পাবেন অতিথিরা।
ভারতের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম চার প্রান্তের বাছাই করা বিখ্যাত পদ এবার ব্রিকস সম্মেলনের মেনুতে। দিল্লির তাজ হোটেলের লীলা প্যালেস এবং দ্য ললিতের মতো বিখ্যাত হোটেলগুলি দেশের বিভিন্ন প্রান্তের পারদর্শী পাচকদের নিয়ে জবরদস্ত খাবার পরিবেশন করতে তৈরি। জানা গিয়েছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় ও সুস্বাদু কুচো নিমকির স্বাদ পাবেন বিদেশে অতিথিরা। শারদ পার্বণ জুড়ে বাংলার ঘরে ঘরে এই কুচো নিমকির আধিক্য দেখা যায়। বাঙালি অবশ্য বারোমাসই এই মুচমুচে খাবার খেতে পছন্দ করেন। বাংলার জনপ্রিয় এই ঘরোয়া পদের পাশাপাশি কাশ্মীরের আখরোট, দিল্লির ময়দার কাজু, মহারাষ্ট্রের ভাকরওয়াড়ি, রাজস্থানের মিনি কচুরি এবং তামিলনাড়ুর মুরুক্কুও থাকছে খাদ্য তালিকায়। দেশের রকমারি এবং ঐতিহ্যবাহী রান্নার স্বাদ চেখে দেখার পাশাপাশি ভারতীয়দের অতিথিপরায়ণ মানসিকতাকেও সকলের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানা গিয়েছে।
শনিবার থেকে অষ্টাদশতম ব্রিকস সম্মেলন শুরু হতে চলেছে। শুক্রবার ভারতে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দিল্লি আসছেন ইরানের প্রেসিডেন্টও। গালওয়ান যুদ্ধের পর প্রথমবার ব্রিকসে যোগ দিতে ভারতে পৌঁছবেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। আজ সমাজমাধ্যমে এই সম্মেলন নিয়ে ইতিবাচক বার্তা দিয়ে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন যে, এবারের সম্মেলনে বিশ্বকল্যাণের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
















