বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া শুরুর আগেই দিল্লির ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ১১ লক্ষের বেশি ভোটারের নাম। ভারতের নির্বাচন কমিশন, দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর এবং সাবার ইনস্টিটিউটের যৌথ তথ্যের ভিত্তিতে তৈরি এক নতুন রিপোর্টে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর চিত্র। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, দিল্লির ৭০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৬৮টিতেই নাম বাতিলের এই সংখ্যা ২০২৫ সালের বিধানসভা নির্বাচনে সংশ্লিষ্ট আসনে জয়ী প্রার্থীদের জয়ের ব্যবধানকে ছাপিয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই এই বিপুল সংখ্যক নাম ছাঁটাইকে ঘিরে জাতীয় রাজধানীর রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তৈরি হয়েছে তুমুল আলোড়ন।
রিপোর্টের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত দিল্লির ভোটার তালিকায় মোট নথিভুক্ত ভোটারের সংখ্যা ছিল ১ কোটি ৫৬ লক্ষ ১৪ হাজার। কিন্তু ২০২৬ সালের ৩০ জুন আনুষ্ঠানিকভাবে এসআইআর প্রক্রিয়া চালু হওয়ার মুখে সেই সংখ্যা অপ্রত্যাশিতভাবে কমে দাঁড়ায় ১ কোটি ৪৫ লক্ষ ১০ হাজার ২৯৯-এ। অর্থাৎ নিয়মিত মাসিক ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ার মধ্য দিয়েই বাদ দেওয়া হয়েছে প্রায় ১১ লক্ষ ৩ হাজার ৭০১ জন ভোটারের নাম।
পরিসংখ্যান আরও ইঙ্গিত দিচ্ছে যে, এই নাম বাতিলের গতি প্রকৃতি ছিল অত্যন্ত অস্বাভাবিক। এসআইআর প্রক্রিয়া শুরুর ঠিক দুই থেকে তিন মাস আগে নাম বাদ পড়ার হারে আকস্মিক ও বিপুল বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। দিল্লির ৬৮টি বিধানসভা কেন্দ্রে এই নাম ছাঁটাইয়ের বহর যেখানে পূর্ববর্তী নির্বাচনের জয়ের মার্জিনকেও অতিক্রম করে গিয়েছে, সেখানে ভোটবাক্সে এর সুদূরপ্রসারী প্রভাব নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে বিশেষজ্ঞ মহলে। গোটা প্রক্রিয়াটির স্বচ্ছতা ও কার্যপ্রণালী নিয়েও সরব বিভিন্ন পক্ষ।















