ভারী বৃষ্টির মধ্যে মহারাষ্ট্রের রায়গড়ের একটি চাঞ্চল্যকর ভিডিয়োতে দেখা যাচ্ছে এইচপিসিএল (HPCL)-এর পাতালগঙ্গা এলপিজি বটলিং প্ল্যান্ট থেকে প্রায় ৩,০০০ গ্যাস সিলিন্ডার জলের স্রোতে ভেসে যাচ্ছে এবং পাতালগঙ্গা নদীতে ভাসছে।শুধু তাই নয়, বহু মানুষ সেগুলি তোলার চেষ্টা করছেন এমন ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।
পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরু হতেই ভারতে রান্নার গ্যাসের সঙ্কট দেখা গিয়েছিল। দেশ জুড়ে রান্নার গ্যাসের আকাল সামাল দিতে রান্নার গ্যাসের বুকিংয়ের নিয়মে কিছু পরিবর্তন করা হয়। সেই সঙ্গে বেড়ে যায় গ্যাসের দামও। সঙ্কট পুরোপুরি কাটেনি, আর এর মধ্যেই মহারাষ্ট্রের একটি ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা দেশ জুড়ে। বন্যার জলে ভেসে গেল হাজার হাজার এলপিজি সিলিন্ডার। জানা গিয়েছে,মহারাষ্ট্রের রায়গড় জেলায় জলের স্রোতে ভেসে গেল প্রায় ৩,০০০টি এলপিজি সিলিন্ডার। হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL)-এর পাতালগঙ্গা এলপিজি বটলিং প্ল্যান্টে জল ঢুকে যাওয়ার ফলে প্ল্যান্টে থাকা ভরা ও খালি সিলিন্ডার স্রোতে ভেসে পাতালগঙ্গা নদীতে চলে যায়।
প্রশাসন সূত্রে খবর, টানা ভারী বৃষ্টির ফলে রায়গড় জেলার রাসায়নি শিল্পাঞ্চলে পাতালগঙ্গার জলস্তর মারাত্মক পরিমান বেড়ে যায়। প্ল্যান্টে জল ঢুকে পড়ার পরে দেওয়াল পেরিয়ে জল উপচে ওঠে। এর জেরে প্ল্যান্টে থাকা হাজার হাজার সিলিন্ডার নদীর স্রোতে ভেসে যায়। রায়গড়ের জেলা প্রশাসক জরুরি সতর্কতা জারি করেন নদীতে ভেসে যাওয়া সিলিন্ডারে গ্যাস রয়েছে কি না বা সেগুলি নিরাপদ কিনা, সেটা নিশ্চিত নয়। তাই কোনও অবস্থাতেই সেগুলি ধরা বা বাড়িতে নিয়ে ব্যবহার করার চেষ্টা করা বিপজ্জনক হয়ে যাবে। কোথাও সিলিন্ডার দেখতে পাওয়া গেলে সঙ্গে সঙ্গে প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর কথা বলে হয়েছে। কিন্তু বৃথা প্রচেষ্টা। সতর্কবার্তা সত্ত্বেও দেখা যায়, বহু মানুষ নদীতে নেমে সিলিন্ডার তোলার চেষ্টা করছেন। দুর্যোগ মোকাবিলা বাহিনী এবং HPCL ভেসে যাওয়া সিলিন্ডারগুলি উদ্ধার এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। যেকোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে গোটা এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
















