বিহারের লখিসরাই জেলার অশোকধাম মন্দিরে ভয়াবহ পদপিষ্টের ঘটনায় কমপক্ষে ৭জন পুণ্যার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এদিনের দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও বহু পুণ্যার্থী। সোমবার সকালে মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয়েছিল।

 মহিলারা প্রথমে নিয়ম মেনেই লাইনে দাঁড়িয়েছিলেন কিন্তু হঠাৎ ১০-১২ জন মহিলা জোর করে লাইনে ঢুকে ধাক্কাধাক্কি শুরু করেন। এর ফলে কয়েকজন মাটিতে পড়ে যান এবং তাঁদের উপর হুড়মুড়িয়ে প্রায় ২০-২৫ জন পুণ্যার্থী পড়ে যান। মারাত্মক ভিড়ের চাপে অনেকেই পদপিষ্ট হয়ে যান এবং অজ্ঞান হয়ে যান।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও স্থানীয় প্রশাসন। লখিসরাইয়ের এসডিপিও শিভম কুমার জানান, এই ঘটনায় প্রাথমিকভাবে ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। তাছাড়া মন্দিরে একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ার ফলে বিদ্যুস্পৃষ্ট হওয়ার খবর পেলেও গোটা বিষয়টি তদন্ত ও যাচাই করার পরেই আসল কারণ জানা যাবে।

 লখিসরাইয়ের জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) শৈলেন্দ্র কুমার এদিনের ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, সোমবার মন্দিরে অপ্রত্যাশিতভাবে প্রচুর ভিড় হয়ে যায়। সকাল সাড়ে ছটা থেকে পৌনে সাতটার মধ্যে পরপর দুটি ট্রেন এসে পৌঁছনোয় ভিড়ের চাপ মারাত্মক হারে বেড়ে যায়। প্রশাসনের তরফ থেকে ভিড় সামলানোর প্রস্তুতি নেওয়া থাকলেও অতিরিক্ত চাপের কারণে একদিকের ব্যারিকেড ভেঙে গিয়েছিল এবং মানুষ পড়ে যান। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল এসে ১৫-২০ জন আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। প্রশাসনের পক্ষ থেকে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করার কথা বলা হলেও প্রশ্ন উঠছে সোমবার ভিড় হবে জেনেও কেন যথেষ্ট পরিমান ব্যবস্থা নেওয়া হল না।