দেশজুড়ে যখন আমিষ-নিরামিষ ( Veg-Non Veg) খাবার নিয়ে বিতর্ক তুঙ্গে। ঠিক সেই আবহেই রবিবার সমাজমাধ্যমে নিজের প্রাতঃরাশের ছবি পোস্ট করলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী ( Rahul Gandhi)। ছবিতে দেখা যাচ্ছে, টেবিলে সাজানো রয়েছে এক বাটি ছোলে এবং ফুলকো ভাটুরে। সেই ছবির সঙ্গে রাহুলের লেখা মন্তব্য ঘিরেই শুরু হয়েছে নতুন রাজনৈতিক চর্চা।
For the record: 80% of Indians are non-vegetarian. Indian non-vegetarian food is delicious. As are my sister's chole bhature. https://t.co/8f6ziKjLan
— Rahul Gandhi (@RahulGandhi) September 13, 2026
রাহুল গান্ধী লিখেছেন, ‘তথ্য হিসেবে জানিয়ে রাখি, ৮০ শতাংশ ভারতীয় আমিষভোজী ( Non Veg)। ভারতীয় আমিষ খাবার অত্যন্ত সুস্বাদু। ঠিক যেমন আমার বোনের হাতের তৈরি ছোলে ভাটুরে।’ রাহুলের এই পোস্ট নিয়ে তৈরি হয়েছে জল্পনা। শনিবার দিল্লির ভারত মণ্ডপমে ব্রিকস সম্মেলনে যোগ দেওয়া রাষ্ট্রনেতাদের সম্মানে নৈশভোজের আয়োজন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই নৈশভোজের মেনুতে ছিল শুধুই নিরামিষ পদ। মেনুতে জায়গা পেয়েছিল খান্ডভি, পনির লাবাবদার, গুচ্ছি মার্মিক, মিলেট পোলাও, মাশরুম গালৌটি এবং জিলিপির মতো একাধিক পদ। পাশাপাশি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল মিলেট বা শ্রীঅন্নকে।
আরও পড়ুন: রাজ্যে ২৫২ মাদ্রাসা বন্ধের নোটিশ সরকারের, শোকজ ১০০টি প্রতিষ্ঠানকে
ভারতীয় খাবারের বৈচিত্র্য ও ঐতিহ্যকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার লক্ষ্যেই এই মেনু সাজানো হয়েছিল বলে সূত্রের খবর। পরিবেশবান্ধব ও দেশীয় খাদ্যশস্যের উপর গুরুত্ব দেওয়ার বার্তাও ছিল এই আয়োজনে। তবে নৈশভোজের মেনু থেকে আমিষ পদ সম্পূর্ণ বাদ পড়া নিয়ে সমাজমাধ্যমে ইতিমধ্যেই শুরু হয়েছিল নানা আলোচনা।
সেই আবহেই রবিবার সকালে রাহুলের ‘৮০ শতাংশ ভারতীয় আমিষভোজী’ মন্তব্য নতুন করে সেই বিতর্ক উসকে দিয়েছে। যদিও তিনি সরাসরি ব্রিকস নৈশভোজের নাম উল্লেখ করেননি, তাঁর পোস্টের সময় এবং বক্তব্যের সঙ্গে দু’টি ঘটনাকে মিলিয়ে দেখছেন রাজনৈতিক মহলের একাংশ।
বঙ্গ সফরে এসে বাগেশ্বর ধামের ধীরেন্দ্র শাস্ত্রীর আমিষ-নিরামিষ মন্তব্য নিয়েও বিতর্ক চলছে। দুর্গাপুজোর সময় বাঙালির আমিষ খাওয়ার প্রসঙ্গ তুলে তিনি মন্তব্য করেছিলেন, যা নিয়ে বাংলায় ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। বিভিন্ন মহল থেকে তাঁর বক্তব্যের সমালোচনাও করা হয়েছে। ফলে ব্রিকসের নৈশভোজের নিরামিষ মেনু এবং বাংলায় আমিষ খাওয়া নিয়ে বিতর্ক দুই ঘটনাই একই সময়ে আলোচনায়। তার মধ্যেই রাহুল গান্ধীর ছোলে-ভাটুরের ছবি এবং ‘৮০ শতাংশ ভারতীয় আমিষভোজী’ মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি করেছে।
















