উৎসবের মরশুমে রেলকর্মীদের (Railway Employees) জন্য সুখবর। দুর্গাপুজো ও দীপাবলির আগে রেলের কর্মীদের ৭৮ দিনের বেতনের সমান কর্মদক্ষতা-ভিত্তিক বোনাস (Bonus) দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার (Central Government)। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার (Cabinet) বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। এর ফলে উপকৃত হবেন প্রায় ১১.৪০ লক্ষ রেলকর্মী। এই বোনাস দেওয়ার জন্য মোট ২০০৯ কোটি ৬১ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।
আরও পড়ুন: জ্ঞানেশ-বিরোধী আন্দোলন চাপ বাড়াচ্ছে কেন্দ্রের উপর! দিল্লিতে অতিরিক্ত ২৭ হাজার আধাসেনা মোতায়েন
রেল মন্ত্রক সূত্রে খবর, রেলকর্মীদের কাজের স্বীকৃতি হিসাবেই এই বোনাস (Railway Bonus) দেওয়া হচ্ছে। প্রতি বছর দুর্গাপুজোর আগে যোগ্য রেলকর্মীদের কর্মদক্ষতা-ভিত্তিক বোনাস দেওয়া হয়। গত বছরও ৭৮ দিনের বেতনের সমান বোনাস পেয়েছিলেন রেলকর্মীরা। এ বারও সেই একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী, যোগ্য প্রত্যেক রেলকর্মী ৭৮ দিনের বেতনের সমান বোনাস পাবেন। তবে বোনাসের সর্বোচ্চ সীমা ১৭,৯৫১ টাকা। অর্থাৎ, হিসাব অনুযায়ী প্রাপ্য অর্থ ওই সীমা ছাড়িয়ে গেলেও সর্বোচ্চ ১৭,৯৫১ টাকাই দেওয়া হবে।
পুজোর আগে বোনাসের এই সিদ্ধান্তের ফলে রেলের বিভিন্ন বিভাগের কর্মীরা উপকৃত হবেন। তাঁদের মধ্যে রয়েছেন ট্র্যাক রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মী, লোকো পাইলট, ট্রেন ম্যানেজার বা গার্ড, স্টেশন মাস্টার, সুপারভাইজার, টেকনিশিয়ান, টেকনিশিয়ান সহকারী, পয়েন্টসম্যান, করণিক এবং অন্যান্য গ্রুপ ‘সি’ বিভাগের কর্মীরা। তবে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) এবং রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্সের (আরপিএসএফ) কর্মীরা এই বোনাসের আওতায় পড়বেন না। সব মিলিয়ে দুর্গাপুজো ও দীপাবলির আগে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে স্বস্তি পাবেন লক্ষ লক্ষ রেলকর্মীরা।















