মেরঠের (Meerut) সেই নৃশংস নীল ড্রাম হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত স্ত্রী মুসকান ও প্রেমিক সাহিলের সাজা ঘোষণা করল মেরঠ আদালত। বুধবার জেলা ও দায়রা আদালতে দোষীদের সাজা ঘোষণা হয়। সৌরভের পরিবারের দাবি মেনে দুই দোষীকেই মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। হত্যার পরে নীল ড্রামে ভরে স্বামী সৌরভের রাজপুতের (Saurabh Rajput) দেহ লোপাটের চেষ্টা করেছিলেন স্ত্রী। আর সেই মামলায় এবার ফাঁসির সাজা পেল দুই অভিযুক্ত।
আরও পড়ুন: ‘অপরিকল্পিত’ শহর সাজানোর ধুম! ফ্লাইওভারের রঙে জল পড়তেই বাইক পিছলে দুর্ঘটনা
১২৬টি শুনানি ও ২২ জনের সাক্ষ্যদানের পর মুসকান ও সাহিলকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। অবশেষে এদিন সাজা ঘোষণা হল। জেলা কারাগার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে অংশ নেন মুসকান ও সাহিল। বিচারক দু’জনের কাছেই জানতে চান, সাজা ঘোষণার আগে তাদের কিছু বলার আছে কি না। কিন্তু নিজেদের বক্তব্য জানাতে চায়নি কেউই। অন্যদিকে, সৌরভের আইনজীবী আদালতে দুই দোষীর সর্বোচ্চ শাস্তির আবেদন জানান। প্রায় দেড় বছর ধরে কারাগারে বন্দি মুসকান ও সাহিল। মেরঠ ডিভিশনাল জেলের সিনিয়র সুপারিনটেনডেন্ট বীরেশ রাজ শর্মার বক্তব্য অনুযায়ী, জেলে আসার সময় দু’জনেই মাদকাসক্ত ছিল। কারা কর্তৃপক্ষের কাউন্সেলিংয়ের সাহায্যে তিন মাসের মধ্যে তারা সেই অভ্যাস কাটিয়ে ওঠে। এরপর জেলের নিয়ম মেনে বিভিন্ন কাজেও যুক্ত হয়।
আরও পড়ুন: সরকারি খাল বুজিয়ে ঘাটালে একের পর এক বেআইনি নির্মাণ! অভিযোগ দায়ের হাই কোর্টে
মুসকান সেলাইয়ের কাজ শুরু করেছিল। সেই সময়ই জানা যায়, মুসকান অন্তঃসত্ত্বা। কারাবিধি অনুযায়ী তাকে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়া হয়। নভেম্বরে একটি কন্যাসন্তানের জন্ম দেয় মুসকান। সন্তানের জন্মের পর অবশ্য তাকে আর কোনও কাজে নিযুক্ত করা হয়নি। অন্যদিকে, জেলের ভিতরে চাষাবাদ ও বাগানের পরিচর্যার দায়িত্ব সামলাতে শুরু করে সাহিল। মুসকান নিয়মিত ভজন ও প্রার্থনাসভাতেও যোগ দিত। আদালতে সাজা ঘোষণার আগে মুসকানের একটি ইচ্ছার কথাও জানায়। জেলের বাইরে থাকা ছ’বছরের মেয়ের সঙ্গে একবার দেখা করতে চেয়েছিল মুসকান। তবে সেই ইচ্ছা পূরণ হয়েছিল কি না, তা স্পষ্ট নয়।
ছেলের হত্যাকাণ্ডে দোষীদের শাস্তির অপেক্ষায় ছিলেন সৌরভের মা রেণু দেবী। এক সাক্ষাৎকারে তিনি বলেন, মুসকান ও সাহিলের এবার যমরাজের মুখোমুখি হওয়ার সময় এসেছে। তাঁর ক্ষোভ এতটাই তীব্র যে, প্রকাশ্য জনসমক্ষে গুলি করে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করার দাবিও জানিয়েছেন তিনি। নবরাত্রির উপবাস পালন করছেন রেণু। তাঁর বিশ্বাস, দেবীই এই অপরাধের বিচার করবেন। মুসকানের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলে সৌরভের মা বলেন, তাঁর ছেলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেই এই ভয়াবহ অপরাধ করা হয়েছে।
প্রসঙ্গত, নীল ড্রাম হত্যা মামলা ঘিরে গোটা দেশেই চাঞ্চল্য ছড়িয়েছিল। এবার দোষীদের সাজা ঘোষণাকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় উঠে এল সেই নৃশংস হত্যাকাণ্ড।















