মুম্বইয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে গণপতি বাপ্পার আরধনার প্রস্তুতি। কিন্তু চূড়ান্ত অব্যবস্থার ফলে এর মাঝেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। শনিবার রাতে দক্ষিণ মুম্বইয়ের ভূলেশ্বর এলাকায় শোভাযাত্রা করে গণেশমূর্তি মণ্ডপে নিয়ে আসার সময়ে সেই বিশালাকায় মূর্তি বহনকারী কাঠামো হঠাৎ উল্টে পড়ে যায় আর তার নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে দুই জনের। আহত হয়েছেন আরও পাঁচ জন, তাঁদের মধ্যে দুই শিশু রয়েছে বলে জানা যাচ্ছে। রাত ৯.৫১ নাগাদ ভূলেশ্বরের জয় আম্বে চৌকের কাছে কবুতরখানা এলাকায় বালারাম মার্চেন্ট রোডে ‘ভূলেশ্বরচা রাজা’ নামে পরিচিত বিশাল গণেশমূর্তির মণ্ডপে আসা উপলক্ষে শোভাযাত্রা চলছিল। হঠাৎ কাঠামোটি ভারসাম্য হারিয়ে উল্টে যায় এবং ভিড়ের মধ্যে থাকা মানুষের উপর পড়ে। মূর্তিটির উচ্চতা ২২ ফুটেরও বেশি।
পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় সঙ্কেত নেভশে (৩৩) এবং ব্রিজেশ হেমন্ত যোশী (৩০) নামে দুজনের মৃত্যু হয়েছে। ঘটনার পর দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন। আহত হয়েছেন ৩৮ বছরের বৈভব, ২৫ বছরের পবন চৌরাসিয়া, ২৬ বছরের কুণাল কাশিদ, পাঁচ ও সাত বছরের দুই শিশুকন্যা লাবণ্য গানের এবং দিব্যা গানের। ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। মুম্বই পুলিশ, মুম্বই ফায়ার ব্রিগেড, ট্রাফিক পুলিশ, পুরসভার কর্মী এবং ১০৮ অ্যাম্বুল্যান্স পরিষেবা পৌঁছে উদ্ধারকাজে হাত লাগায়। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত অবস্থা স্থিতিশীল।
ঠিক কী কারণে এত বড় মূর্তি বহনকারী কাঠামোটি ভেঙে বা উল্টে পড়ল, সেটা যদিও এখনও স্পষ্ট নয়। তদন্তকারীরা জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুজোর আগে এই ধরণের জমায়েত এবং এত বড় প্রতিমা নিয়ে শোভাযাত্রার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। ভিড় নিয়ন্ত্রণ এবং বড় প্রতিমা পরিবহণের সময় নিরাপত্তার বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই কাঠগড়ায় প্রশাসন।
















