ভারতে থাকার অধিকার শুধুমাত্র নাগরিকদের, এটা কোনও ধর্মশালা নয়। দিল্লিতে গোয়েন্দা ব্যুরোর জাতীয় নিরাপত্তা কৌশল সম্মেলনের সমাপনী অধিবেশনে আগামী ২০ বছরের জন্য দেশের অভ্যন্তরীন নিরাপত্তার নীল নকশা পেশ করলেন দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
অনুপ্রবেশ, সন্ত্রাসবাদ, মাদক পাচার এবং প্রযুক্তির নিত্যনতুন আন্তর্জাতিক চ্যালেঞ্জের বিরুদ্ধে আগাম কৌশল গ্রহণের স্পষ্ট বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, "গত আট মাসে ভারতের সমস্ত স্থলসীমান্তবর্তী রাজ্যগুলির সঙ্গে দফায় দফায় আলোচনা চালিয়েছে কেন্দ্র। রাজ্যগুলির সঙ্গে এক চার স্তম্ভের সমন্বিত সীমান্ত সুরক্ষা কাঠামো ভাগ করে নেওয়া হয়েছে, যার মূল উদ্দেশ্য দ্রুততম সময়ে দেশকে সম্পূর্ণ অনুপ্রবেশকারী-মুক্ত করা।
বেআইনি অনুপ্রবেশকারীরা জাতীয় নিরাপত্তা, দেশের অর্থনীতি এবং জনসংখ্যার ভারসাম্যের জন্য মারাত্মক হুমকি বলেও সতর্ক করেন অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগের সরকারগুলি যদি মাদক পাচার, নকশালবাদ এবং উত্তর-পূর্বের অশান্তি নিয়ে সময় থাকতে কার্যকরী পদক্ষেপ করত, তাহলে হয়তো দেশকে এত কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হত না। দূরদর্শিতার অভাবেই দেশের সামনে এত কঠিন চ্যালেঞ্জ।
অমিত শাহ বলছেন, উন্নত ভারতের জন্য চায় দীর্ঘমেয়াদি সুরক্ষার পরিকল্পনা করা দরকার। অন্তত ১৫-২০ বছরের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা কর্মসূচি গ্রহণ করা দরকার। ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে হলে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা আরও শক্তিশালী করতে হবে।
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে তিনটি বড় 'হটস্পট'-এর হুমকি সফলভাবে মোকাবিলা করা হয়েছে বলেও দাবি করেন অমিত শাহ। এই সাফল্যের জন্য তিনি রাজ্য পুলিশ, কেন্দ্রীয় তদন্ত ও গোয়েন্দা সংস্থা এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সমন্বিত ভূমিকার প্রশংসা করেন। তাঁর বক্তব্য, দীর্ঘদিনের পরিকল্পনা, নিরন্তর নজরদারি এবং বিভিন্ন নিরাপত্তা সংস্থার মধ্যে সমন্বয়ের ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে।
জাতীয় নিরাপত্তা কৌশল সম্মেলনের উদ্দেশ্য শুধুমাত্র বর্তমান সমস্যাগুলি নিয়ে আলোচনা করা নয় বলেও উল্লেখ করেন শাহ। বরং ভবিষ্যতে কোন কোন সমস্যা বড় আকার নিতে পারে, তার আগাম পূর্বাভাস তৈরি করে সেগুলি মোকাবিলার জন্য পরিকল্পনা নেওয়াই এই ধরনের সম্মেলনের মূল লক্ষ্য হওয়া উচিত। অর্থাৎ কোনও হুমকি বড় সংকটে পরিণত হওয়ার আগেই তাকে চিহ্নিত করে প্রতিরোধের কৌশল তৈরি করতে হবে।
















