পাকিস্তানে নিরাপদ আশ্রয়ে বসেই জম্মু-কাশ্মীরে সন্ত্রাস ও নাশকতা ছড়াতে মদত দেওয়ার অভিযোগে লস্কর-ই-তইবা প্রতিষ্ঠাতা হাফিজ সইদের বিরুদ্ধে ফের গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত। মাত্র দু’মাসের ব্যবধানে এই নিয়ে দ্বিতীয় বার মুম্বই হামলার মূল চক্রীর বিরুদ্ধে জামিন-অযোগ্য ধারায় এই পদক্ষেপ করল জম্মুর বিশেষ এনআইএ আদালত। 

তদন্তকারী সংস্থা এনআইএ-র অভিযোগ, সীমান্তপারের ডেরা থেকেই কাশ্মীরে সক্রিয় জঙ্গি সংগঠনগুলিকে আধুনিক অস্ত্র, জাল নোট এবং অর্থ জোগান দেওয়ার পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করছে হাফিজ। একই সঙ্গে নাশকতামূলক হামলার সরাসরি নির্দেশও আসছে সেখান থেকেই। সম্প্রতি একটি বেআইনি অস্ত্র উদ্ধারের মামলার তদন্তে নেমে লস্কর ও তাদের ছায়া সংগঠন টিআরএফ-এর একাধিক সদস্যকে গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থাটি। ধৃতদের দফায় দফায় জেরা করে সীমান্তপারের জঙ্গি নেটওয়ার্ক এবং তাতে হাফিজের প্রত্যক্ষ যোগাযোগের তথ্যপ্রমাণ উঠে আসে বলে তদন্তকারীদের দাবি। 

আদালতের পর্যবেক্ষণে স্পষ্ট জানানো হয়েছে, অভিযুক্ত হাফিজ সইদ দীর্ঘদিন ধরেই পলাতক। স্বাভাবিক আইনি প্রক্রিয়ায় তাঁকে আদালতে হাজির করানো সম্ভব নয়। সেই কারণেই শুনানির শেষে তাঁর বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে পাহেলগাঁও হামলা সংক্রান্ত মামলাতেও হাফিজের বিরুদ্ধে একই ধরনের পরোয়ানা জারি করেছিল আদালত। নতুন করে এই পদক্ষেপের ফলে আন্তর্জাতিক স্তরে ইসলামাবাদের ওপর চাপ আরও বাড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।