আজ, শনিবার কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার আলোচনার কথা রয়েছে ককরোচ জনতা পার্টির (CJP) প্রতিনিধিদের।নিট-দুর্নীতি ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আন্দোলনরত সিজেপি তৃতীয় দফার বৈঠকের আগেই নিজেদের অবস্থান স্পষ্ট করল। শুক্রবার কেন্দ্রীয় সরকারের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক ফলপ্রসূ হয়নি। আন্দোলনকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড়।
সিজেপি মুখপাত্র আশুতোষ রাঙ্কা (Ashutosh Ranka)এক্স-হ্যান্ডলে জানান, যদি সরকার মনে করে থাকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেবেন না, তা হলে সব আলোচনাই অর্থহীন। সোশ্যাল নিজেদের অবস্থান স্পষ্ট করে আশুতোষ লিখেছেন, ‘‘ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার(Dharmendra Pradhan resignation demand) দাবির সঙ্গে আপস করা অসম্ভব। যদি সরকার ঠিক করে থাকে তা হবে না, তা হলে আলোচনার আর কোনও প্রাসঙ্গিকতা নেই।’’
শনিবার দুপুর ৩টে থেকে বিকেল ৪টের মধ্যে ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসার কথা আছে কেন্দ্রীয় সরকার। তবে কোথায় বৈঠক হবে এখনও ঠিক হয়নি বলে জানালেন CJP-র মুখপাত্র আশুতোষ রাঙ্কা। এই নিয়ে আশুতোষ বলেন, ‘আমাদের অবস্থান স্পষ্ট। ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে সরকার কী ভাবছে, আমরা জানতে চাই।’
আশুতোষ রাঙ্কা জানিয়েছেন, নিট নিয়ে আন্দোলন স্রেফ কোনও সাধারণ বিক্ষোভের পর্যায়ে আর আটকে নেই। গোটা দেশে আন্দোলন দাবানলের মতো ছড়াচ্ছে। তাঁর কথায়, “এই বিষয়টি একটা টিকিং টাইম বোমের মতো বিপজ্জনক রূপ নিয়েছে। একে হালকাভাবে নিয়ে সপ্তাহ বা মাস কেটে যেতে দেওয়া যাবে না। কারণ, আজ দেশের প্রতিটি প্রান্তে মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছেন।”
















