১১ সেপ্টেম্বর দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন। একাধিক দাবি  দাওয়া নিয়ে সেপ্টেম্বর মাসে মোট চার দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনিয়নগুলি।  একই সঙ্গে ইউনিয়নের তরফে স্পষ্ট বলা  হয়েছে কেন্দ্রীয় সরকার দাবি না মানলে পুজোর পর ২৮ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলবে। 

ব্যাঙ্ক কর্মী ও অফিসারদের সংগঠনের যৌথমঞ্চ 'ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন্স' ব্যাঙ্ক সেপ্টেম্বরে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে।প্রথম দফায়, ১১ সেপ্টেম্বর। তারপর ২৮-৩০ সেপ্টেম্বর টানা তিন দিন ব্যাঙ্ক ধর্মঘট ঘোষণা করেছে এই ব্যাঙ্ক ইউনিয়নটি।তিন দিন ধর্মঘট হলে টানা ৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।কারণ সেপ্টেম্বরের  ২৬ ও ২৭ শনিবার ও রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকে।

 

বর্তমানে সপ্তাহের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটি পান ব্যাঙ্ক কর্মীরা। ইউনিয়নগুলোর অন্যতম প্রধান দাবি হল, সপ্তাহে  পাঁচ দিন কাজ ও ২ দিন ছুটি। মাসে সবকটি শনিবারেই ছুটি দিতে হবে ব্যাঙ্ককর্মীদের । সরকারের PLI স্কিমের বর্তমান কাঠামো নিয়েও আপত্তি তুলেছে ইউনিয়নগুলি। পারফরম্যান্স লিঙ্কড ইনসেন্টিভ বা PLI হলো ব্যাঙ্কের কর্মী ও আধিকারিকদের কর্মদক্ষতা বা ব্যাঙ্কের পারফরম্যান্সের ভিত্তিতে দেওয়া অতিরিক্ত আর্থিক সুবিধা।

 

ইউনিয়নগুলির আপত্তি সরকারের সংশোধিত PLI কাঠামো নিয়ে। তাদের দাবি, কর্মীদের মধ্যে বৈষম্য না রেখে ব্যাঙ্কের সব কর্মচারীদের কর্মদক্ষতার ভিত্তিতে সমানভাবে ইনসেনটিভ দিতে হবে। 

গত ২০ অগাস্টের সার্কুলার অনুযায়ী, নতুন ব্যবস্থায় স্কেল IV এবং তার উপরের আধিকারিকদের ব্যক্তিগত পারফরম্যান্সের ভিত্তিতে অনেক বেশি PLI দেওয়ার সুযোগ রাখা হয়েছে। এই নিয়ম মানতে নারাজ তারা। আগের ব্যবস্থায় কর্মী ও আধিকারিকদের জন্য ব্যাঙ্কের সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে সর্বোচ্চ ১৫ দিনের বেসিক পে এবং ডিয়ারনেস অ্যালাওয়েন্সের সমান PLI দেওয়ার নিয়ম ছিল।

 

 এ দিকে, অক্টোবরে রয়েছে দুর্গাপুজো,বাঙালির শ্রেষ্ঠ উৎসব। তারপর টানা উৎসবের মরশুম শুরু হয়ে যাচ্ছে। অক্টোবরে লাগাতার ব্যাঙ্ক ধর্মঘট হলে গ্রাহকদের যে ভোগান্তি বাড়বে তা বলাই বাহূল্য।