মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের (Madhya Pradesh Chief Minister Mohan Yadav) বাসভবন ঘেরাওকে কেন্দ্র করে উত্তপ্ত ভোপাল (Bhopal)। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই মন্ত্রীদের নিয়ে একটি কমিটি গঠনের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মোহন যাদব। তাঁর দাবি, আলোচনার মাধ্যমেই কৃষকদের দাবিদাওয়া নিয়ে সমাধানের পথ খোঁজা হবে। তবে সরকারি এই আশ্বাসে ভরসা না রেখে প্রায় ২,০০০ কৃষক ভোপালে বিক্ষোভ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছেন।
সংযুক্ত কিষাণ মোর্চার (Samyukt Kisan Morcha) আওতাধীন ১৯টি কৃষক সংগঠনের ডাকে ট্র্যাক্টর-ট্রলি নিয়ে ভোপালে পৌঁছেছেন আন্দোলনকারীরা। সঙ্গে রয়েছে শস্যের বস্তা, রান্নার সামগ্রী, বিছানাপত্র, জল ও কয়েক দিনের খাদ্যসামগ্রী। মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে যাওয়া এই মিছিল আটকাতে নর্মদাপুরম রোড-সহ একাধিক জায়গায় ব্যারিকেড তোলে পুলিশ। কোথাও কোথাও সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে বিক্ষোভকারীরা। ফলে তাঁদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনাও ঘটে। এর জেরে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয় এবং নিরাপত্তার স্বার্থে আশপাশের কয়েকটি স্কুলে ছুটি ঘোষণা করা হয়।
আন্দোলনের মূল দাবি, উৎপাদিত মুগ ডালের ১০০ শতাংশ সহায়ক মূল্যে (MSP) সরকারিভাবে কিনতে হবে। পাশাপাশি ই-টোকেন ব্যবস্থার জটিলতা দূর করা, পর্যাপ্ত ও সময়মতো সার সরবরাহ নিশ্চিত করা এবং ফসল সংগ্রহ সংক্রান্ত বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের দাবিও তুলেছেন কৃষকরা। তাঁদের অভিযোগ, নির্ধারিত সংগ্রহসীমার কারণে বিপুল পরিমাণ মুগ ডাল খোলা বাজারে কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন চাষিরা।
আন্দোলনে অংশ নেওয়া এক কৃষক সংবাদ সংস্থাকে বলেন, "আমরা পাঁচ দিনের খাবার ও জল সঙ্গে নিয়েই এসেছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ভোপাল ছেড়ে ফিরব না।" কৃষক নেতা সন্তোষ পাটোয়ারীর বক্তব্য, "দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে আমাদের দাবি জানানো হলেও কোনও সুরাহা হয়নি। তাই বাধ্য হয়েই মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের কর্মসূচি নেওয়া হয়েছে।"
পরিস্থিতির গুরুত্ব বুঝে মঙ্গলবার রাতে আন্দোলনকারী কৃষকদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের কৃষিমন্ত্রী আইদাল সিং কনসানা (State Agriculture Minister Aidal Singh Kansana)। বৈঠকের পর তিনি জানান, "মুগ ডাল সংগ্রহ সহ কৃষকদের সমস্ত দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। কৃষকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।" একই সঙ্গে তিনি কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের (Union Agriculture Minister Shivraj Singh Chouhan) কাছে গ্রীষ্মকালীন মুগ সংগ্রহের লক্ষ্যমাত্রা বাড়ানোর আবেদন জানিয়েছেন।
বুধবার মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, "কৃষকদের সঙ্গে আলোচনার জন্য একটি মন্ত্রীস্তরীয় কমিটি গঠন করা হয়েছে। কৃষিমন্ত্রী আইদাল সিং কনসানা সহ সংশ্লিষ্ট মন্ত্রীরা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা চালাবেন। আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হবে বলে আমরা আশাবাদী।" যদিও আন্দোলনকারী কৃষকদের সাফ বক্তব্য, লিখিতভাবে দাবি কার্যকর করার আশ্বাস না পাওয়া পর্যন্ত তাঁদের অবস্থান কর্মসূচি চলবে।
অন্যদিকে রায়সেন, বিদিশা, হার্দা, নর্মদাপুরম এবং বুধনি বিভিন্ন জায়গা থেকে যাতে আর কোনও আন্দোলনকারী কৃষকরা ভোপালে ঢুকতে না পারেন তাঁর জন্য গ্রাম থেকে ভোপালে আসার রাস্তায় ব্যারিকেড দেওয়ার অভিযোগও উঠেছে পুলিশের বিরুদ্ধে। তবে পুলিশ এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। হোশঙ্গাবাদের অতিরিক্ত পুলিশ সুপার অনিল শর্মা (Anil Sharma, Additional Superintendent of Police, Hoshangabad) জানান, "আইনশৃঙ্খলা বজায় রাখার জন্যই পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা কৃষকদের সঙ্গে ক্রমাগত আলোচনা চালাচ্ছি যাতে শান্তিপূর্ণভাবে তাঁদের দাবির সমাধান করা যায়।"এদিকে, কৃষক সংগঠনগুলির আন্দোলন যে এখানেই থামছে না, তারও ইঙ্গিত মিলেছে। আমেরিকার সঙ্গে সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তির বিরোধিতা এবং কৃষকদের বিভিন্ন দাবিকে সামনে রেখে আগামী ১০ অগাস্ট থেকে দেশজুড়ে নতুন কর্মসূচির ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা।
















