পশ্চিমবঙ্গের ওবিসি সংরক্ষণ সংক্রান্ত নয়া নির্দেশিকা চ্যালেঞ্জের সমস্ত মামলা একসঙ্গে শুনবে সুপ্রিম কোর্ট। সোমবার এমনটাই জানানো হয়েছে। রাজ‍্যের তরফে শীর্ষ আদালত থেকে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলা প্রত্যাহারের পর সর্বোচ্চ আদালত মামলা খারিজ করার সময়ই উল্লেখ করেছিল, কোনও ব‍্যক্তি যদি মনে করেন, এই মামলা প্রত্যাহারের ফলে তাঁর নিজের কোনও অধিকার খর্ব হচ্ছে তবে তিনি চাইলে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হতে পারেন। 

রাজ‍্যের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, রাজ‍্য সুপ্রিম কোর্টে মামলা প্রত্যাহারের পর ওবিসি সংরক্ষণ পূর্ববর্তী হারে ফিরিয়ে নিয়ে গিয়েছে। দু’পক্ষের সওয়াল শোনার পর শীর্ষ আদালত জানিয়ে দেয়, এ সংক্রান্ত মামলা সব একসঙ্গে শুনবেন তাঁরা।

গত ১৪ জুলাইয়ের শুনানিতে তুষার মেহতা আদালতকে জানান, রাজ্য মন্ত্রিসভা এই আবেদন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের অনগ্রসর শ্রেণি কমিশনও আইনজীবী কুণাল চট্টোপাধ্যায়ের মাধ্যমে তাদের পৃথক আপিলটি প্রত্যাহার করে নেয় রাজ্য। সিজেআই সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহানার বেঞ্চ মামলা প্রত্যাহারের অনুমতি দেয়। তবে সেই শুনানিতেই আদালত স্পষ্ট করে দিয়েছিল যে, অন্য কোনও পক্ষ চাইলে নিজেদের মামলা চালিয়ে যেতে পারবে।

কলকাতা হাই কোর্টের রায়ের পর রাজ্য সরকার ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে নতুন করে বিধানসভায় দুটি বিল পাশ করিয়েছে। সরকারের বক্তব্য, হাই কোর্টের নির্দেশ মেনেই আগের সংরক্ষণ কাঠামো ফিরিয়ে আনার জন্য এই পদক্ষেপ। নতুন ব্যবস্থায় ২০১০ সালের আগের সমীক্ষার ভিত্তিতে ওবিসি হিসেবে স্বীকৃত ৬৬টি সম্প্রদায়কে তালিকায় রাখা হয়েছে। অন্যদিকে, ৭৭টি সম্প্রদায় ওবিসি তালিকা থেকে বাদ পড়েছে।